আসানসোলের ইসমাইল এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গুলিবিদ্ধ অবস্থায় আটক প্রতাপ দাস ওরফে ‘প্যাঁও’। পায়ে গুলির আঘাত নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি।
তপন রায়,মানুষের মতামত:কয়েকদিনের তল্লাশি অভিযানের পর অবশেষে গুলিবিদ্ধ অবস্থায় আটক প্রতাপ দাস ওরফে ‘প্যাঁও’। শুক্রবার সকালে আসানসোলের ইসমাইল এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর তাকে আটক করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পায়ে গুলির আঘাত নিয়ে তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে ইসমাইল এলাকায় বন্দুক হাতে ঘোরার পাশাপাশি শূন্যে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে প্রতাপের বিরুদ্ধে। খবর পেয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে তল্লাশি শুরু করে।
একটি ফাঁকা ঘরে অস্ত্র নিয়ে আত্মগোপন করে থাকা প্রতাপের সন্ধান পায় পুলিশ। অভিযোগ, আটক করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। পাল্টা গুলিতে পায়ে আঘাত পেয়ে জখম হয় প্রতাপ।এর আগে হটন রোডের পূর্বাশা লেন-সহ বিভিন্ন এলাকায় তার খোঁজে অভিযান চালিয়েও পুলিশ সফল হয়নি। মোবাইল টাওয়ার লোকেশন ধরে অবস্থান চিহ্নিত হলেও ফোন বন্ধ থাকায় তাকে ধরা যায়নি। অবশেষে শুক্রবারের অভিযানে আটক হওয়ায় কয়েকদিনের তল্লাশির পরিসমাপ্তি ঘটল।
