বুধবার, নভেম্বর 25, 2026
19:21:20 | কলকাতা
সর্বশেষ সংবাদ

“মোদীর হাত ধরো”—প্রণববাবুর পরামর্শেই বিজেপিতে?শুভেন্দুর দাবিতে বিস্ফোরণ, পাল্টা মুখোপাধ্যায় পরিবার!

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। প্রণব-পুত্র অভিজিৎ ও কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় দু’জনেই শুভেন্দুর দাবিতে বিস্ময় প্রকাশ করে কার্যত তা নস্যাৎ করেছেন।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত: প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শেই তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছিলেন— পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা রাজ্যের শীর্ষ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এমন বিস্ফোরক দাবিকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক জাতীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরই আসরে নেমেছেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় এবং প্রণব-পুত্র তথা প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। তাঁরা দু’জনেই শুভেন্দুর এই দাবিকে কার্যত নস্যাৎ করে দিয়েছেন।

জাতীয় টেলিভিশনের ওই সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক জীবনের মোড় ঘোরানো অধ্যায় নিয়ে মুখ খোলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, তৃণমূল কংগ্রেসে থাকাকালীন একসময় তিনি রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দোটানায় ছিলেন। সেই সময় দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়। শুভেন্দুর দাবি অনুযায়ী, প্রণব মুখোপাধ্যায় তাঁকে পরামর্শ দিয়ে বলেছিলেন, “নিজের দমে এগিয়ে যেতে হলে মোদীজির হাত ধরো।”

শুভেন্দু আরও জানান, প্রণববাবুর মতো একজন বর্ষীয়ান ও অভিজ্ঞ রাষ্ট্রনেতার সেই পরামর্শ তাঁর মনে ধরেছিল। সেই পথ অনুসরণ করেই তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন এবং বিজেপিতে যোগ দেন। গেরুয়া শিবিরে যোগদানের পর থেকে তিনি আন্তরিকভাবে দলের ভাবাদর্শ ও কর্মপদ্ধতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও ওই সাক্ষাৎকারে উল্লেখ করেন বিরোধী দলনেতা।

শুভেন্দু অধিকারীর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজ্য তথা জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে যায়। বিষয়টি নিয়ে আলাদা আলাদা ভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রণব মুখোপাধ্যায়ের সন্তান শর্মিষ্ঠা মুখোপাধ্যায় এবং অভিজিৎ মুখোপাধ্যায়।

প্রাক্তন সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় স্পষ্ট জানান, বাবার মুখে বা পরিবারের অন্দরে এমন কোনও আলোচনার কথা তিনি এই প্রথম শুনলেন। অন্যদিকে, শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও একই সুরে বিস্ময় প্রকাশ করেছেন। প্রণব-পুত্র ও কন্যা দু’জনেই কার্যত শুভেন্দু অধিকারীর প্রকাশিত এই তথ্যকে মেনে নিতে পারেননি। আজীবন কংগ্রেসের আদর্শে বিশ্বাসী প্রণব মুখোপাধ্যায় কাউকে বিজেপিতে যোগ দেওয়ার বা নরেন্দ্র মোদীর হাত ধরার পরামর্শ দিতে পারেন— এই বিষয়টি তাঁদের কাছে অত্যন্ত অবিশ্বাস্য ও ভিত্তিহীন বলেই মনে হয়েছে।

প্রয়াত রাষ্ট্রপতির নাম জড়িয়ে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য এবং পাল্টা মুখোপাধ্যায় পরিবারের সদস্যদের প্রতিক্রিয়ায় নতুন করে পারদ চড়েছে বঙ্গ রাজনীতিতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের মতো সর্বজনশ্রদ্ধেয় নেতার নাম ব্যবহার করে শুভেন্দু অধিকারী নিজের দলবদলের সিদ্ধান্তকে এক বিশেষ রাজনৈতিক বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। তবে প্রণববাবুর সন্তানদের প্রকাশ্য দ্বিমত সেই দাবিকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যেও শুরু হয়েছে জোর তরজা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন