এফআইআর বিতর্কের মধ্যেই প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে বাংলা অ্যাকাডেমির পুরস্কার ও বই প্রকাশে দুর্নীতির অভিযোগ। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিশনের তদন্ত ঘিরে নতুন রাজনৈতিক চর্চা।
বিপ্লব চক্রবর্তী,মানুষের মতামত:রাজনৈতিক পালাবদলের পর এবার কি আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু? ধর্ষণ, শ্লীলতাহানি ও যৌন হেনস্থার অভিযোগে এফআইআর ঘিরে বিতর্কের মধ্যেই তাঁর বিরুদ্ধে নতুন করে তদন্তের সম্ভাবনা তৈরি হয়েছে। এবার অভিযোগের কেন্দ্র বাংলা অ্যাকাডেমি।
প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে গঠিত কমিশনের নজরে এসেছেন ব্রাত্য বসু। কমিশনের নেতৃত্বে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। অভিযোগ, বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন পুরস্কার প্রদান ও বই প্রকাশের মতো বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম হয়েছে। এই সংক্রান্ত অভিযোগ নির্বাচন কমিশনে জমা পড়েছে বলে খবর। অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন কমিশনের প্রধান।
এর আগে ব্রাত্য বসু-সহ ইন্দ্রনীল সেন এবং প্রায় ৪০ জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে বাগুইআটি থানায় এফআইআর দায়েরের খবর সামনে আসে। সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন ব্রাত্য। তাঁর দাবি, অভিযোগকারীকে তিনি চেনেন না, কোনওদিন কথাও হয়নি। অভিযোগকে মিথ্যা বলেও দাবি করেছেন তিনি।
রাজনৈতিক পালাবদলের পর দীর্ঘদিন নীরব থাকা ব্রাত্য বসুর বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসায় রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। এবার কমিশনের তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
