মঙ্গলবার, নভেম্বর 24, 2026
16:53:02 | কলকাতা
সর্বশেষ সংবাদ

দেশভাগের স্মৃতি, বাংলার শেকড়—‘পশ্চিমবঙ্গ’ নামের পক্ষে বিধানসভায় ঐক্যমত

রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ রাখার প্রস্তাব আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় পেশ হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণায় সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দেশভাগের ইতিহাস ও বাংলার শেকড়ের কথা তুলে ধরলেন তিনি।

বিট্টু রায় চৌধুরী,মানুষের মতামত:রাজ্যের নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে ‘পশ্চিমবঙ্গ’ করার পথে এবার নজিরবিহীন রাজনৈতিক ঐক্যমতের ছবি দেখল রাজ্য রাজনীতি।আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব পেশ হতে চলেছে।সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করার পরপরই তা মেনে নেওয়ার কথা জানিয়েছে প্রধান বিরোধী দল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। শাসকপক্ষের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন,এই নামের সঙ্গে বাঙালির দেশভাগ ও শেকড়ের ইতিহাস জড়িয়ে রয়েছে,যা কোনোভাবেই মুছে ফেলা উচিত নয়।

শাসকপক্ষের প্রস্তাবকে সমর্থন করার নেপথ্যে নিজের ব্যক্তিগত আবেগ ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেছেন বিরোধী দলনেতা।অতীতের রাজনৈতিক অবস্থানের প্রসঙ্গ টেনে তিনি জানান, তৃণমূল কংগ্রেসের জমানায় দলীয় কাঠামোর কারণে অনেক কিছুই বলতে হয়েছে বা নথিপত্রে রাখতে হয়েছে, যা নিয়ে তাঁর ব্যক্তিগত স্তরে আপত্তি ছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতে, ‘পশ্চিমবঙ্গ’ বা ‘ওয়েস্ট বেঙ্গল’ নামটির একটি গভীর ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। ১৯৪৭ সালে র‍্যাডক্লিফ লাইন টানার সময় যখন দেশভাগ হয়, তখন একদিকে পশ্চিম পাকিস্তান, মাঝে ভারতবর্ষ এবং অন্যদিকে পূর্ব পাকিস্তান তৈরি হয়েছিল। বাংলার এই বিভাজনের কারণেই তৎকালীন পূর্ব পাকিস্তানের পাশাপাশি ভারতের অংশটির নাম হয়েছিল পশ্চিমবঙ্গ—ঠিক যেমন পাঞ্জাব প্রদেশ ভাগ হয়ে পাকিস্তান ও ভারত উভয় দিকেই পাঞ্জাব নামটি থেকে গিয়েছিল।

বিরোধী দলনেতার কথায়, পশ্চিমবঙ্গ নামটির সঙ্গে দেশভাগের অবর্ণনীয় যন্ত্রণার সরাসরি যোগসূত্র রয়েছে। নিজের পারিবারিক ইতিহাসের কথা স্মরণ করে তিনি বলেন, “আমি কলোনিতে জন্মেছি এবং বড় হয়েছি। ১৯৪৭ সালে আমার বাবা যখন পঞ্চম শ্রেণিতে পড়তেন, তখন তিনি ছিন্নমূল হিসেবে ওপার বাংলার ফরিদপুর থেকে এপারে চলে আসেন। যাদবপুরের যে কলোনিতে আমরা বড় হয়েছি, সেখানে মূলত ফরিদপুরের মানুষেরই বসবাস। এভাবেই বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ একত্রিত হয়ে কলোনিগুলোতে থাকার চেষ্টা করেছেন।” তাঁর যুক্তি, ‘পশ্চিমবঙ্গ’ বা ‘ওয়েস্ট বেঙ্গল’ নামটি মুছে দিলে সেই রক্তক্ষয়ী ইতিহাসকেই অস্বীকার করা হবে।

দেশভাগের এই ইতিহাসকে আন্তর্জাতিক মানের গবেষণার বিষয় হিসেবে উল্লেখ করে প্রখ্যাত ঐতিহাসিক জয়া চ্যাটার্জির তিনটি গুরুত্বপূর্ণ বইয়ের কথাও এদিন তুলে ধরেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড থেকে প্রকাশিত ওই বইগুলোর প্রশংসা করে তিনি জানান, বাংলার দেশভাগ যে পৃথিবীর বৃহত্তম অভিবাসন বা মাইগ্রেশন, তা এই বইগুলোতে অত্যন্ত পাণ্ডিত্যের সঙ্গে বিশ্লেষণ করা হয়েছে। জয়া চ্যাটার্জির লেখা ‘বেঙ্গল ডিভাইডেড: ১৯৩২ থেকে ১৯৪৭’ (যার বাংলা অনুবাদও রয়েছে) এবং ‘দ্য স্পয়েলস অফ পার্টিশন: ১৯৪৭ টু ১৯৬৭’—এই দুটি বইয়ের পাশাপাশি ২০১৬ সালে প্রকাশিত ‘দ্য বেঙ্গল ডায়াসপোরা’ বইটির কথা উল্লেখ করে বিরোধী দলনেতা বলেন, দেশভাগ নিয়ে এমন প্রামাণ্য কাজ আগে হয়নি। এই সমস্ত ঐতিহাসিক দলিল প্রমাণ করে যে, আমাদের অস্তিত্বের সঙ্গে এই নাম ও ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত।

সবশেষে নিজের অবস্থান স্পষ্ট করে বিরোধী দলনেতা জানান, তিনি কোনোভাবেই ইতিহাস মুছে দেওয়ার পক্ষে নন। আর সেই ঐতিহাসিক দায়বদ্ধতা থেকেই আগামী ৯ ডিসেম্বর বিধানসভায় ‘পশ্চিমবঙ্গ’ নামের প্রস্তাবে শাসকপক্ষের পাশে দাঁড়াচ্ছে প্রধান বিরোধী দল। এর ফলে বিধানসভায় প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাশ হওয়ার পথ প্রশস্ত হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন