মঙ্গলবার, নভেম্বর 24, 2026
21:57:38 | কলকাতা
সর্বশেষ সংবাদ

সরকারি প্রকল্পের আড়ালে কী? বিজেপি বুথ সভাপতি প্রশান্তর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

কোচবিহারের দিনহাটা-১ ব্লকের বোয়ালমারিতে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে এক গৃহবধূকে হোটেলে যাওয়ার চাপ ও তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে। প্রতিবাদে বাড়িতে বিক্ষোভ স্থানীয় মহিলাদের।

তপন রায়,মানুষের মতামত:সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে এক গৃহবধূকে হোটেলে যাওয়ার চাপ দেওয়া এবং রাজি না হওয়ায় তাঁর স্বামী ও সন্তানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির এক বুথ সভাপতির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের দিনহাটা-১ ব্লকের বোয়ালমারি এলাকায়।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন ২২৪ নম্বর বুথের বিজেপি সভাপতি প্রশান্ত মণ্ডল। পরিবারের দাবি, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় ওই গৃহবধূ তাঁর কাছে সাহায্য চাইতে গেলে নানা প্রলোভন দেখানো হয়। প্রায় চার মাস ধরে বিভিন্ন কৌশলে তাঁকে হোটেলে যাওয়ার চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ। রাজি না হওয়ায় স্বামী ও সন্তানকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে দাবি।

এমনকী, মহিলার নামে গ্রামে কুৎসা রটানোর অভিযোগও উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সোমবার স্থানীয় মহিলারা একজোট হয়ে অভিযুক্তের বাড়িতে বিক্ষোভ দেখান। তবে সেই সময় বাড়িতে ছিলেন না প্রশান্ত মণ্ডল। তাঁর বক্তব্যও পাওয়া যায়নি।অভিযোগের সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে যাচাই হয়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠেছে এলাকায়।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন