মঙ্গলবার, নভেম্বর 24, 2026
21:57:40 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বাসভাড়া,দুর্নীতি, ট্রাম-টোটো—বাংলার পরিবহন নিয়ে কী পরিকল্পনা? ‘মানুষের মতামত’-কে একান্ত সাক্ষাৎকারে অর্জুন সিং

সরকারি বাস বাড়ানো, মহিলাদের বিনামূল্যে যাতায়াত,ট্রামের আধুনিকীকরণ ও টোটোর নিয়ন্ত্রণ—পরিবহন ব্যবস্থার একাধিক পরিকল্পনা জানালেন মন্ত্রী।

জয় চক্রবর্তী মানুষের মতামত: রাজ্যের পরিবহনের বিরাট দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। কিভাবে সামলাচ্ছেন?

অর্জুন সিং : প্রথমে ধন্যবাদ দেবো আপনাদের। আপনাদের মাধ্যমে আমার কথা মানুষের কাছে পৌঁছে যাবে।কারণ মানুষের মতামত সব থেকে আগে জরুরী।সেই মানুষের মতামতেই আমরা প্রথমবারের জন্য ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছি। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিষ্কার নির্দেশ, মানুষের জন্য কাজ করতে হবে। ‌ মানুষ আমাদের ক্ষমতায় এনেছেন, ফলে তাদের মর্যাদা তাদের চাহিদা মেটানোর দায়িত্ব রাজ্য সরকারের। এবার আসি আমার দপ্তরের কথা। ‌ সত্যি বিরাট দায়িত্ব। একসময় সুভাষ চক্রবর্তী থেকে শুরু করে অনেকেই এই দায়িত্ব সামলেছেন। ‌ কলকাতা শহরে সরকারি বাসের সংখ্যা অত্যন্ত কম। বিগত সরকার (তৃণমূল) নিজেদের দুর্নীতি করতে এতটাই ব্যস্ত ছিল, পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে ভাবার সময় ছিল না। কলকাতাতেই যদি বাস কম হয় তাহলে জেলার ক্ষেত্রে কিভাবে সহজেই অনুমান করা যায়। আমরা ইতিমধ্যেই কিছু বাস রাস্তায় নামিয়েছি। কিন্তু প্রয়োজনের তুলনায় এখনো অনেকটাই কম। আগের সরকার যেভাবে ধারের বোঝা করে দিয়ে গেছে এবং দুর্নীতির আখড়া করেছে সেইগুলো মেটাতেই কিছুটা সময় লাগবে।

মানুষের মতামত: অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি বাস ভাড়া বাড়ানোর ব্যাপারে বাস মালিক কর্তৃপক্ষ রাজ্য সরকারের কাছে দরবার করেছে। এ ব্যাপারে আপনাদের কি মতামত?

অর্জুন সিং : প্রথম কথা হচ্ছে বাস্তবকে সামনে রেখে চলতে হবে। সঠিক ভাড়া যদি কোন বাস মালিক না পায় তাহলে তারা পরিষেবা দেবে কি করে? আবার বাস ভাড়া বাড়ানো হলো কিন্তু পরিষেবা সঠিকভাবে বাস্তবায়ন হলো না সেটাও সঠিক পদ্ধতি নয়। বাস ভাড়া বাড়ানোর ব্যাপারে আগের সরকারের আমলে একাধিকবার দরবার করেছেন বিভিন্ন বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা। দেখুন বিষয়টা অবশ্যই সংবেদনশীল। কিন্তু যদি বাস ভাড়া না বাড়ানো হয় তাহলে তো পরিষেবা দেওয়া সম্ভব হবে না। ‌ আমি বাস ভাড়া বাড়াতে দেব না, আবার পরিষেবা টাও ঠিকঠাক দিতে হবে সেটা কি বাস্তবসম্মত? একজন মানুষ ১৫ কেজি ভার বহন করতে পারেন। তাকে যদি চল্লিশ কেজি ভার বহন করতে দেওয়া হয় সেটা কি সম্ভব?

মানুষের মতামত: শুধু ভাড়া বাড়ানোর বিষয়টিই নয়, পুলিশি জুলুমের অভিযোগ করা হয়েছে বারবার…

অর্জুন সিং : (প্রশ্ন থামিয়ে) এই অভিযোগ আমি নিজেও আগের সরকারের আমলে শুনেছি এবং দেখেছি। ‌ সবাইকে বলছি না কিন্তু বেশ কিছু পুলিশ কর্মী রয়েছেন যারা এই বিষয়টি করে থাকেন। গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পুলিশের অত্যাচারে ট্রান্সপোর্টে একটা বড় সমস্যা সম্মুখীন হতে হয়। ‌ আমি ইতিমধ্যেই বিষয়টা নিয়ে বিবেচনা করতে শুরু করেছি।

মানুষের মতামত : পরিবহনেও দুর্নীতির অভিযোগ উঠেছে। ‌ আপনি বিষয়টা কিভাবে দেখছেন? দুর্নীতিমুক্ত হবে দপ্তর?

অর্জুন সিং : আমার কাছে এই মুহূর্তে কোন যাদুকাঠি নেই, যে এক্ষুনি এক্ষুনি আমি দুর্নীতিমুক্ত করে ফেলব। ‌ সময় প্রয়োজন। আর মনে রাখতে হবে আমাদের সরকার মাত্র পাঁচ মাস অতিক্রান্ত হয়েছে। ‌ এর মধ্যেই অবশ্য আমরা কাজ করেছি। কিছু পদক্ষেপও গ্রহণ করেছি। ‌ আপনি জেনে অবাক হবেন রাজ্যে ২৭ লক্ষ বিনা রেজিস্ট্রেশনে গাড়ি চলছিল। যার মধ্যে বড় লরি আগেই যেমন রয়েছে তেমনি দুই চাকার বাহন রয়েছে। ‌ ভাবতে পারেন? আগের সরকার ৭০০র বেশি বাস ডিপোতে ফেলে রেখেছিল। ‌ নষ্ট হয়ে গিয়েছে। পরিবহন দপ্তরে সিন্ডিকেট থেকে কাটমানি প্রথা সবই ছিল। বর্তমানে আমরা আসার পরে ধীরে ধীরে এই বিষয়গুলো বন্ধ করতে উদ্যোগী হয়েছি। একদিনে সম্ভব নয়। একটু সময় দিলে পরিবহন দপ্তর নিয়ে একগাদা অভিযোগ তার সমাধান আশা করি হবে।

মানুষের মতামত: সংকল্প পত্র অনুসারে আপনারা সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করেছেন। ‌ এতে অন্যান্য যাত্রীদের অসুবিধে হচ্ছে?

অর্জুন সিং : বিধানসভা নির্বাচনের আগে সংকল্প পত্রে আমরা বলেছিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মহিলাদের জন্য সরকারি বাস পরিষেবা বিনামূল্যে হবে। আমরা ইতিমধ্যেই বিষয়টি বাস্তবায়ন করে ফেলেছি। যে সমস্ত মহিলারা বাস বিনামূল্যে ব্যবহার করছেন তাদের পয়সা সরকারকে বহন করতে হয়। পিঙ্ক কার্ডের ব্যবস্থা করা হচ্ছে। কেওয়াইসি দিয়েই এই কার্ড করতে হচ্ছে। বাস কিছুটা বাড়বে। ‌ অনেক ক্ষেত্রেই একটা সমস্যা হচ্ছে যে মহিলারা বাসে উঠছেন তাতে খুব ভিড় হয়ে যাচ্ছে। সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। যারা যোগ্য এবং যারা সত্যিই এই সরকারি বাস পরিষেবা উপরে নির্ভর করেন এবং তারা আর্থিকভাবে কিছুটা পিছিয়ে পড়েছেন তাদের জন্যই এই কার্ড করা হচ্ছে। অন্যদিকে একটা বিষয়ে উঠে আসছে যে বেসরকারি বাসগুলোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে যাত্রী পরিষেবায়। ‌ সরকারি বাসে মহিলারা যখন উঠছেন ফলের বেসরকারি বাসে তারা উঠছেন না। এই সমস্যা হয়েছে। বেসরকারি পরিষেবা বাঁচিয়ে রাখতে হবে। সেই ব্যাপারে আমরা অবশ্যই উদ্যোগ নিচ্ছি।

মানুষের মতামত: একসময় যাত্রী সাথী বলে একটা মোবাইল অ্যাপ্লিকেশন ছিল। ‌ সমস্ত বাস কোন রুটে আছে দেখা যেত। ‌ কিন্তু সেটা বন্ধ হয়ে গেল। ‌ যাত্রী পরিষেবা এবং নিরাপত্তার জন্য এটা জরুরী। ‌ কি ভাবছেন?

অর্জুন সিং : ট্রান্সপোর্ট ট্রাকিং সিস্টেম এটা কেন্দ্রীয় আইন অনুসারি লাগাতে হবে। আগের সরকার এক্ষেত্রেও দুর্নীতির সাহায্য নিয়েছে। ‌ এমন একটা কোম্পানিকে তারা এই বিষয়টা দিয়েছিল কয়েক মাস চলার পরে সেটা বন্ধ হয়ে গেল। মানুষও সেই পরিষেবা থেকে বঞ্চিত হয়ে গেল। আমাদের সরকার এই বিষয়টা অবশ্যই করবে।‌ কিছুটা সময় লাগবে। ‌ এই পরিষেবার পরিকাঠামো তৈরি করতে। কিন্তু রাজ্য সরকার এই বিষয়টা করবে।

মানুষের মতামত: বিগত সরকার ট্রাম তো উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। আপনারা কি ভাবছেন?

অর্জুন সিং : গোটা ভারতবর্ষে একটা ঐতিহ্য হলো ট্রাম। আর সেই ট্রাম কলকাতাতে রয়েছে। আগের সরকার ট্রাম সম্পর্কে উদাসীন ছিল। কিন্তু আমাদের সরকার পরিবহনের নতুন অধ্যায় তৈরি করতে চলেছে। সেই অধ্যায়ে অবশ্যই ট্রাম থাকবে। ‌ গোটা পৃথিবীতে যে সমস্ত জায়গায় ট্রাম রয়েছে সেখানে আধুনিক পরিষেবা দেওয়া হয়। আমাদের ফান্ড প্রায় নেই। বিগত সরকার খুব খারাপ অবস্থায় আমাদের ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা তো দমবার পাত্র নই। পরিবহনের মধ্যে ট্রাম কে যাতে আধুনিকভাবে মানুষের সামনে তুলে ধরা যায় তার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি বা অন্যান্য বিষয়গুলো সম্পর্কে ইতিমধ্যেই আমার দপ্তর ভাবতে শুরু করে দিয়েছে।

মানুষের মতামত: আমার শেষ প্রশ্ন পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থায় আপনি আজকে কি পরিকল্পনা করেছেন?

অর্জুন সিং : আমাদের সরকার সবেমাত্র এসেছে পশ্চিমবঙ্গের ক্ষমতায়। একটু সময় দিলে পরিবহন ডক্টর পরিকল্পনা এবং পরিকাঠামোকে সাজিয়ে ভালো পরিষেবা দেবে এটাই আমি আশ্বাস দিতে চাই। সরকারি বাসের পরিষেবার জন্য সঠিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছি। কিছু বাস রাস্তায় নেমেছে আগামী দিনে আরো কিছু বাস আসছে। সব থেকে বড় বিষয় মেইন্টেনেন্স। ‌ এইটা করার ব্যাপারে আমি পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছি। কলকাতা এবং বিভিন্ন জেলা কেন্দ্রিক বাস পরিষেবা সঠিকভাবে যাতে মানুষ পান সেই ব্যবস্থা করতেই হবে। লোকাল ট্রান্সপোর্ট এর ব্যাপারে কথা বলব। যেমন টোটো। ‌ পরিবহন আইনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা যায় না। আগের সরকার ঘুরিয়ে টোটোর রেজিস্ট্রেশন করেছিল পৌরসভা কেন্দ্রিকভাবে। ‌ মেন রাস্তা, যেখানে দ্রুতগামী যান চলাচল করে সেইখানে টোটো এবার থেকে চলছে না। ওয়ান উইন্ডো বলে একটা কথা আছে। ‌ পরিবহনের ক্ষেত্রে একাধিক কর্পোরেশন। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ইত্যাদি ইত্যাদি। ‌ এই বিষয়গুলো এক ছাতার তলায় আনার জন্য উদ্যোগ নিয়েছি। কিছুটা সময় দিন আশা করি রাজ্যের পরিবহন ব্যবস্থায় বড় সর পরিবর্তন আপনারা দেখতে পাবেন।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন