পটাশপুরে প্রধানমন্ত্রী আবাস যোজনা ও জি রামজী প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ। সাধারণ মানুষকে সতর্ক করে ভিডিও বার্তা বিধায়ক তপন কুমার মাইতির। তোলাবাজির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি।
রাজকুমার বেরা,মানুষের মতামত:রাজ্যে পরিবর্তনের সরকার এলেও সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ সামনে আসছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক করতে সমাজমাধ্যমে ভিডিও বার্তা প্রকাশ করলেন পটাশপুরের বিধায়ক তপন কুমার মাইতি।
বিধায়কের দাবি, পটাশপুর বিধানসভা এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি কিংবা জি রামজী প্রকল্পের ৯০ দিনের মজুরি বাবদ ২৭ হাজার টাকা পাইয়ে দেওয়ার নাম করে কিছু ব্যক্তি সুবিধাভোগীদের কাছ থেকে ৫০০, ১০০০, ৫০০০ টাকা বা তারও বেশি অর্থ দাবি করছেন বলে তিনি জানতে পেরেছেন। যদিও অভিযোগগুলির সত্যতা এখনও যাচাই করা হয়নি।
ভিডিও বার্তায় তপন কুমার মাইতি স্পষ্ট জানিয়েছেন, বিজেপিতে তোলাবাজির সংস্কৃতি বরদাস্ত করা হবে না। দলের কোনও কার্যকর্তা এই ধরনের কাজে যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে দলগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ছদ্মবেশে টাকা তোলার অভিযোগের বিরুদ্ধে তিনি নিজে মাঠে নামবেন এবং পুলিশও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।সাধারণ মানুষকে কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেতে কাউকে টাকা না দেওয়ার আবেদন জানিয়েছেন বিধায়ক।
