আসিয়ান সম্মেলনসহ বিদেশ সফর শেষে দিল্লি ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জরুরি বৈঠক। অমিত শাহ, নীতিন নবীন ও বিএল সন্তোষের সঙ্গে আলোচনা ঘিরে মন্ত্রিসভায় রদবদল, সংসদের বিশেষ অধিবেশন ও রাজস্থানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জল্পনা।
দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:আসিয়ান সম্মেলনসহ বিদেশ সফর শেষ করে দেশে ফিরেই রাজনৈতিক তৎপরতা বাড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়া দিল্লিতে প্রত্যাবর্তনের পরপরই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন তিনি। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন এবং দলের সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ উপস্থিত ছিলেন। এই আকস্মিক বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
সূত্রের খবর, বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদের বিশেষ অধিবেশন ডাকার কৌশল নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ও দলের সাংগঠনিক সমন্বয় আরও শক্তিশালী করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলে জানা যাচ্ছে।তবে বৈঠকের সবচেয়ে চর্চিত বিষয় রাজস্থানের রাজনৈতিক পরিস্থিতি। সাম্প্রতিক রাজনৈতিক ও নির্বাচনী ফলাফল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করেছেন বলে সূত্রের দাবি। রাজ্যের প্রকৃত পরিস্থিতি, জনমতের পরিবর্তন এবং সংগঠনের কোথায় দুর্বলতা রয়েছে, তা জানতে বিস্তারিত গ্রাউন্ড রিপোর্ট চেয়েছেন তিনি।
অন্যদিকে, অমিত শাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন বলে জানা যাচ্ছে। সাংগঠনিক স্তরে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে পরিস্থিতির উন্নতি সম্ভব বলেও মত তাঁর।বিদেশ সফর থেকে ফিরেই মোদীর এই তৎপরতা কি শুধুই সাংগঠনিক বৈঠক, নাকি সামনে বড় রাজনৈতিক সিদ্ধান্তের প্রস্তুতি? মন্ত্রিসভায় রদবদল ও সংসদের বিশেষ অধিবেশন নিয়ে জল্পনা এখন তুঙ্গে।
