বৃহস্পতিবার, নভেম্বর 26, 2026
18:49:09 | কলকাতা
সর্বশেষ সংবাদ

কম্পিউটার অমিল দেখালেই নাম কাটবে না!ভোটারের সম্মতি ছাড়া সংশোধনে নিষেধাজ্ঞা কমিশনের

SIR-এর তথ্যের সঙ্গে ভোটার তালিকা মিলিয়ে দেখা হলেও ভোটারের সম্মতি ও স্বাক্ষর ছাড়া কোনও তথ্য সংশোধন করা যাবে না। পশ্চিমবঙ্গ-সহ ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের মধ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিল নির্বাচন কমিশন। কমিশন স্পষ্ট জানিয়েছে,শুধুমাত্র কম্পিউটারের স্বয়ংক্রিয় শনাক্তকরণের ভিত্তিতে কোনও ভোটারের নাম বাদ দেওয়া বা তথ্য পরিবর্তন করা যাবে না। সংশোধনের ক্ষেত্রে ভোটারের সম্মতি ও স্বাক্ষর বাধ্যতামূলক।

পশ্চিমবঙ্গ-সহ ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের পাঠানো নির্দেশিকায় কমিশন জানিয়েছে, এসআইআর-এর সময় সংগ্রহ করা তথ্যের সঙ্গে বর্তমান ভোটার তালিকার তথ্য মিলিয়ে দেখা হবে। নাম, বাবা বা স্বামীর নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর ও ছবি যাচাই করা হবে।

কোনও তথ্যের অমিল দেখা গেলে সংশ্লিষ্ট ভোটারকে চিহ্নিত করে যাচাই করতে হবে। এরপর বুথ লেভেল অফিসার বা বিএলও ভোটারের বাড়িতে গিয়ে তথ্য যাচাই করবেন। প্রয়োজন হলে ভোটারের স্বাক্ষর করা ফর্ম-৮ সংগ্রহ করতে হবে।এরপর সহকারী নির্বাচনী আধিকারিক এবং নির্বাচনী আধিকারিক নিয়ম মেনে আবেদন পরীক্ষা করে সিদ্ধান্ত নেবেন। কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটারের সম্মতি ও স্বাক্ষর ছাড়া ভোটার তালিকায় কোনও সংশোধন বৈধ হবে না। এসআইআর নিয়ে দেশজুড়ে বিতর্কের আবহে ভোটারদের অধিকার ও তথ্যের সুরক্ষায় এই নির্দেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন