বৃহস্পতিবার, নভেম্বর 26, 2026
18:49:06 | কলকাতা
সর্বশেষ সংবাদ

১ লক্ষ কোটি টাকার সড়ক প্রকল্প,কলকাতা রিং রোডে ১৪ হাজার কোটি—কী বদলাবে বাংলায়?

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বাংলার সড়ক উন্নয়নে ১ লক্ষ কোটি টাকার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। ইতিমধ্যেই ৩৫ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। কলকাতা রিং রোডের জন্য বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:পশ্চিমবঙ্গের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে বড় বিনিয়োগের ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এক অনুষ্ঠানে তিনি জানান, আগামী দিনে রাজ্যে প্রায় ১ লক্ষ কোটি টাকার সড়ক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, প্রায় ৩৫ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ ইতিমধ্যেই চলছে।

গড়করি জানান, উন্নত সড়ক যোগাযোগ শুধু যাতায়াত সহজ করবে না, শিল্প, ব্যবসা ও পর্যটনের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি করবে। কলকাতা রিং রোড প্রকল্পের জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দের কথাও ঘোষণা করেন তিনি। এই প্রকল্প বাস্তবায়িত হলে কলকাতা ও আশপাশের এলাকার যানজট কমাতে সুবিধা হতে পারে।রাজ্যের সড়ক উন্নয়ন নিয়ে এর আগে কেন্দ্রীয় মন্ত্রীর প্রশংসা করেছিলেন দিলীপ ঘোষ। তাঁকে ‘বিশ্বকর্মা’ বলে উল্লেখ করে দিলীপ দাবি করেন, জমি ও প্রশাসনিক সহযোগিতার অভাবে অতীতে বেশ কিছু প্রকল্পের কাজ আটকে ছিল।

খড়গপুর-মোরগ্রাম গ্রিনফিল্ড সড়ক, ফারাক্কায় দ্বিতীয় সেতু এবং কংসাবতী নদীর উপর নতুন সেতু নির্মাণের মতো প্রকল্পও আলোচনায় উঠে আসে। কংসাবতীর উপর দ্বিতীয় সেতুর জন্য ৩০৪ কোটি টাকা অনুমোদনের কথাও জানান দিলীপ।কোলাঘাটের অনুষ্ঠানে গড়করি কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের উপর জোর দেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নে জমি ও প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।বড় ঘোষণা হয়েছে, এবার মানুষের নজর থাকবে কাজের গতিতে। প্রকল্পগুলি বাস্তবে কত দ্রুত এগোয়, তার উপরই নির্ভর করবে বাংলার সড়ক যোগাযোগের আগামী দিনের ছবি।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন