গঙ্গাসাগর মেলায় অগ্নি-নিরাপত্তার কারণে এবার থাকছে না ৫ দশকের হোগলা পাতার ঘর। আধুনিক হ্যাঙার, ধাতব ব্যারিকেড ও নতুন পরিকাঠামো তৈরির উদ্যোগ।
তপন রায়,মানুষের মতামত:গঙ্গাসাগর মেলায় এবার বড় পরিবর্তনের পথে প্রশাসন। নিরাপত্তা বাড়ানো ও মেলার আকর্ষণ বৃদ্ধির লক্ষ্যে প্রায় পাঁচ দশকের পরিচিত হোগলা পাতার ঘর এবার আর থাকছে না। পরিবর্তে তৈরি করা হবে আধুনিক হ্যাঙারের আদলে বড় কাঠামো। প্লাইউড ও টিন দিয়ে নির্মিত মজবুত অস্থায়ী শেল্টারে পুণ্যার্থী, পুলিশ, সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের থাকার ব্যবস্থা করা হবে।
কপিল মুনি মন্দিরের কাছে একাধিকবার হোগলা ঘরে আগুন লাগার ঘটনার পর এবার অগ্নি-নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। বাঁশের ব্যারিকেডের পরিবর্তে বসানো হবে লোহা বা ধাতুর ব্যারিকেড। মেলার পরিকাঠামো আরও মজবুত ও নিরাপদ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এবার গঙ্গাসাগর মেলার আয়তনও প্রায় এক কিলোমিটার বাড়ছে। নতুন করে ৩৮ একর জমি চিহ্নিত করা হয়েছে। মূল রাস্তা সম্প্রসারণ, ইমার্জেন্সি রোড নির্মাণ এবং হেলিপ্যাড এলাকার বিস্তার করা হচ্ছে। পাশাপাশি মুড়িগঙ্গায় নাব্যতা বাড়াতে লট ৮ থেকে কচুবেড়িয়া পর্যন্ত চলছে ড্রেজিং।কুম্ভমেলার আদলে আন্তর্জাতিক মানের মেলা গড়ে তোলার লক্ষ্যেই এবার নিরাপত্তা ও পরিকাঠামোয় বড়সড় পরিবর্তন আনছে প্রশাসন।
