বুধবার, নভেম্বর 25, 2026
20:22:05 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বাংলাদেশের অস্থিরতার মাঝেই সীমান্তে বাড়তি সতর্কতা—কীসের আশঙ্কা?

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জেরে সতর্ক পশ্চিমবঙ্গ প্রশাসন ও বিএসএফ। উত্তর ২৪ পরগনার বসিরহাট সীমান্তবর্তী এলাকায় জোরদার নাকা চেকিং,যানবাহন তল্লাশি ও পুলিশি নজরদারি।

বিপ্লব চক্রবর্তী,মানুষের মতামত:বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং আওয়ামী লীগের লাগাতার আন্দোলনের জেরে তীব্র চাপে রয়েছে সে দেশের তারেক সরকার। প্রতিবেশী রাষ্ট্রের এই অস্থিতিশীল পরিস্থিতির আঁচ যাতে কোনোভাবেই এপার বাংলায় এসে না পড়ে, তা নিশ্চিত করতে চূড়ান্ত সতর্কতা জারি করেছে পশ্চিমবঙ্গ প্রশাসন ও সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরই অঙ্গ হিসেবে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সীমান্তবর্তী সমস্ত এলাকায় শুরু হয়েছে জোরকদমে নাকা চেকিং।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বসিরহাট মহকুমায় বাংলাদেশের সঙ্গে প্রায় ১৩৩ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এর মধ্যে বেশ কিছু এলাকা অত্যন্ত স্পর্শকাতর এবং অরক্ষিত। ওপার বাংলার অশান্তির সুযোগ নিয়ে যাতে কোনো জঙ্গি সংগঠন বা দুষ্কৃতী ভারতে অনুপ্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যে সীমান্তে প্রহরা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বিএসএফ।

বিএসএফ-এর পাশাপাশি সমানতালে সক্রিয় রয়েছে রাজ্য পুলিশ ও গোয়েন্দা দপ্তর। সীমান্ত সংলগ্ন প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়, সংযোগকারী রাস্তা এবং প্রবেশপথে বসানো হয়েছে নাকা চেকিং পয়েন্ট। সন্দেহভাজন কোনো ব্যক্তি বা যানবাহন দেখলেই তা থামিয়ে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হচ্ছে এবং পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। এছাড়া, সীমান্তবর্তী গ্রামগুলিতেও বাড়ানো হয়েছে পুলিশি টহলদারি এবং স্থানীয় বাসিন্দাদের যেকোনো সন্দেহজনক গতিবিধি নজরে এলে দ্রুত প্রশাসনকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, যেকোনো ধরনের বেআইনি অনুপ্রবেশ ও নাশকতামূলক কার্যকলাপ রুখতে বসিরহাট সীমান্তে কার্যত নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় গড়ে তুলেছে যৌথ বাহিনী।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন