পশ্চিমবঙ্গে ১৯৭৬ সালের আরবান ল্যান্ড সিলিং আইন বাতিলের উদ্যোগ। মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদিত, শীতকালীন অধিবেশনে বিধানসভায় বিল পেশ হবে।বড় বিনিয়োগ ও জমির জট কাটানোর লক্ষ্য রাজ্যের।
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:পশ্চিমবঙ্গে শহুরে জমির ঊর্ধ্বসীমা সংক্রান্ত প্রায় ৫০ বছরের পুরনো আইন বাতিল হতে চলেছে। ১৯৭৬ সালের আরবান ল্যান্ড সিলিং রেগুলেশন অ্যাক্ট তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্য মন্ত্রিসভায় এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। এবার আসন্ন শীতকালীন অধিবেশনে বিধানসভায় আইন বাতিলের বিল পেশ করা হবে। তবে বিল পাশ হলেই আইন বাতিল হবে না। এজন্য কেন্দ্রের অনুমোদনও প্রয়োজন।
১৯৭৬ সালের এই আইন অনুযায়ী, কলকাতায় একজনের হাতে সর্বোচ্চ ৫০০ বর্গমিটার বা প্রায় সাড়ে সাত কাঠা ফাঁকা জমি রাখার সীমা ছিল। আসানসোল ও দুর্গাপুরের ক্ষেত্রে এই সীমা ছিল ২০০০ বর্গমিটার বা প্রায় ৩০ কাঠা। নির্ধারিত সীমার বেশি জমি থাকলে তা সরকার অধিগ্রহণ করতে পারত।
১৯৯৯ সালে কেন্দ্র এই আইন বাতিলের উদ্যোগ নেয়। দেশের অধিকাংশ রাজ্য সেই সিদ্ধান্ত গ্রহণ করলেও পশ্চিমবঙ্গে এতদিন আইনটি চালু ছিল। ফলে বড় জমি নিয়ে শিল্প ও আবাসন প্রকল্পের ক্ষেত্রে নানা জটিলতা তৈরি হচ্ছিল বলে দাবি শিল্পমহলের।
রাজ্য সরকারের মতে, এই আইন উঠে গেলে বড় জমি পাওয়া সহজ হবে। শিল্প ও রিয়েল এস্টেটে বিনিয়োগ বাড়বে, জমি সংক্রান্ত মামলা-মোকদ্দমাও কমতে পারে। একইসঙ্গে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গও এই ক্ষেত্রে সমান অবস্থানে আসবে।
রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আগেই এই আইনকে বড় বিনিয়োগের পথে বাধা বলে উল্লেখ করেছিলেন। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে নানা জটিলতা ও সমস্যার কারণে কাজ আটকে থাকত। সেই বাধা দূর করতে রাজনৈতিক সদিচ্ছা ও সংস্কারের প্রয়োজন ছিল।
নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও এই সংক্রান্ত ফাইল ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন। বিজেপির দাবি, দীর্ঘদিনের একটি সমস্যা দূর করে রাজ্যকে বড় সংস্কারের পথে এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ এটি।
রিয়েল এস্টেট শিল্পমহলের দীর্ঘদিনের দাবি মেনে এই আইন বাতিলের উদ্যোগে শহুরে জমির ব্যবহার ও নগর অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছে রাজ্য সরকার। তবে চূড়ান্তভাবে আইন বাতিল করতে বিধানসভায় বিল পাশের পাশাপাশি কেন্দ্রীয় অনুমোদনের প্রক্রিয়াও সম্পূর্ণ করতে হবে।
