হাওড়ার আন্দুলে রাসের মেলায় নাগরদোলা চালানোর কাজ করতেu গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১৫ বছরের সূরজ কুমার সাউয়ের। বাড়ি হুগলির শ্রীরামপুরে।
স্নেহাশীষ মুখার্জি, মানুষের মতামত: হাওড়ার আন্দুলে রাসের মেলায় নাগরদোলা চালানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১৫ বছরের এক কিশোরের। মৃতের নাম সূরজ কুমার সাউ। তাঁর বাড়ি হুগলির শ্রীরামপুরের ঘোড়ামারা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে ওই এলাকার বাসিন্দা কৈলাশ প্রসাদ সূরজকে বাড়ি থেকে কাজে নিয়ে যান। এরপর আন্দুলের রাসের মেলায় নাগরদোলা চালানোর কাজ করছিল সে। সেই সময়ই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে কিশোর।
দুর্ঘটনার পর তাকে উদ্ধার করার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। মাত্র ১৫ বছর বয়সে সূরজের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন। মেলায় নিরাপত্তা ব্যবস্থা ও কাজের পরিবেশ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
