দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ১৪ বছরের নাবালিকা হত্যাকাণ্ডের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আলিপুর ফাস্ট ট্র্যাক আদালত। মোট ৯০ হাজার টাকা জরিমানা,৮০ শতাংশ অর্থ নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ।
তাপস চক্রবর্তী,মানুষের মতামত:দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ১৪ বছরের এক নাবালিকা হত্যাকাণ্ডের মামলায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত। একই সঙ্গে প্রত্যেককে অতিরিক্ত ১০ ও ৭ বছরের কারাদণ্ড এবং মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার আদায় হওয়া অর্থের ৮০ শতাংশ নিহতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
নাবালিকার নিখোঁজ হওয়ার অভিযোগে তার বাবা সাবুরাম সরদারের অভিযোগের ভিত্তিতে ২০২৫ সালের ১২ জানুয়ারি বাসন্তী থানায় মামলা দায়ের হয়। তদন্তে নেমে এসআই সামিউল হোসেন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেন। তদন্তে নাবালিকাকে খুন করে তার দেহ লুকিয়ে রাখার ঘটনাও সামনে আসে। এই ঘটনায় বুদ্ধদেব সরদার ওরফে বুদ্ধদেব নন্টে, দীপেন কয়াল ও প্রতীক সরদারকে গ্রেফতার করে পুলিশ। নির্ধারিত সময়ের মধ্যে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়।
২৫ নভেম্বর আলিপুরের তৃতীয় ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক সৌভিক দে তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় তাঁদের কারাদণ্ড দেওয়া হয়।বর্তমানে সূর্যপুর ফাঁড়ি, বারুইপুর থানায় কর্মরত এসআই সামিউল হোসেনের তদন্তে এই মামলায় গুরুত্বপূর্ণ সাফল্য আসে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে!
