মঙ্গলবার, নভেম্বর 3, 2026
01:48:24 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বেকায়দায় পড়তেই ইন্দ্রনীলের পাশ থেকে সরছেন তৃণমূলের নেতা-বিধায়করা!

ক্ষমতায় থাকাকালীন ঘিরে ছিল ঘনিষ্ঠদের ভিড়,গ্রেফতারির পর কেন বাড়ছে দূরত্ব? তৃণমূলের অন্দরেই উঠছে একাধিক প্রশ্ন

বিপ্লব চক্রবর্তী,মানুষের মতামত:একসময় দলের সাংগঠনিক ও রাজনৈতিক মহলে যথেষ্ট প্রভাব ছিল ইন্দ্রনীল সেনের। তাঁকে ঘিরে থাকতেন দলের নেতা-কর্মী থেকে শুরু করে পুরসভা ও প্রশাসনের একাধিক পরিচিত মুখ। কিন্তু পরিস্থিতি বদলাতেই সেই চেনা ছবিতে কি ভাঙন ধরছে? ইন্দ্রনীলকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক ও গ্রেফতারির পর তৃণমূলের অন্দরমহলে এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।পুজোর পাস সংক্রান্ত দুর্নীতির অভিযোগ সামনে আসার পর থেকেই ইন্দ্রনীলকে নিয়ে রাজনৈতিক চাপানউতোর বেড়েছে। তাঁর ঘনিষ্ঠ মহলের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। বিশেষ করে চন্দননগর ও আশপাশের এলাকার রাজনৈতিক সমীকরণে এই ঘটনার প্রভাব কতটা পড়বে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্যে দলের একাধিক পরিচিত নেতার নাম উঠে আসায় অস্বস্তি বেড়েছে রাজনৈতিক মহলে। পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে তিনি ববি হাকিম, অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনকে ঘিরেও প্রশ্ন তুলেছেন। ফলে দলের অভ্যন্তরীণ ক্ষমতার সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।অন্যদিকে, ইন্দ্রনীলের ঘনিষ্ঠ বলে পরিচিত ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান ফিরোজ খানকে ঘিরে ওঠা অভিযোগ এবং তাঁর গ্রেফতারির ঘটনাও পরিস্থিতিকে আরও জটিল করেছে। পুরসভার নথি চুরির অভিযোগের তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।

তবে সবচেয়ে বড় প্রশ্ন, যাঁরা একসময় ইন্দ্রনীলের পাশে ছিলেন, তাঁরা এখন কতটা প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়াচ্ছেন? তাঁদের নীরবতা কি নিছক রাজনৈতিক সতর্কতা, নাকি দূরত্ব তৈরির কৌশল?দলের শীর্ষ নেতৃত্ব এই পরিস্থিতিতে কী অবস্থান নেয়, সেটাই এখন দেখার। কারণ, কোনও একজন নেতাকে ঘিরে বিতর্কের চেয়েও বড় হয়ে উঠছে দলের ভাবমূর্তি এবং সাংগঠনিক বিশ্বাসযোগ্যতার প্রশ্ন।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন