রবিবার, নভেম্বর 1, 2026
22:09:15 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মাথার উপর ভাঙা ছাদ, নেই শিক্ষিকা!বেহাল দশায় আইসিডিএস কেন্দ্র,শিশুদের নিরাপত্তা কোথায়?

জলপাইগুড়ির রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের কান্তিপাড়ার আইসিডিএস কেন্দ্রের পরিকাঠামো বেহাল। পিলারের কংক্রিট খসে বেরিয়েছে রড,নেই স্থায়ী শিক্ষিকা। সংস্কার ও কর্মী নিয়োগের দাবি স্থানীয়দের।

তপন রায়,মানুষের মতামত: শিশুদের প্রাথমিক শিক্ষা ও বিকাশের কথা মাথায় রেখে তৈরি হয়েছিল আইসিডিএস কেন্দ্র। অথচ সেই কেন্দ্রই এখন শিশুদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের কুকুরজান অঞ্চলের কান্তিপাড়ার আইসিডিএস কেন্দ্রের পরিকাঠামো নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯৯৬ সালে তৈরি এই কেন্দ্রের পিলারের কংক্রিট খসে বেরিয়ে এসেছে লোহার রড। মেঝের পলেস্তারা উঠে গিয়েছে, নেই সীমানা প্রাচীর। ফলে যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন বাসিন্দারা। কান্তিপাড়া, ময়দানডাঙ্গি ও মান্তাপাড়া—এই তিন গ্রামের শিশুদের জন্য গুরুত্বপূর্ণ এই কেন্দ্রের দীর্ঘদিন ধরে কোনও স্থায়ী শিক্ষিকা নেই। শিশুদের শুধুমাত্র রান্না করা খিচুড়ি ও ডিম দেওয়া হচ্ছে বলে অভিযোগ।কেন্দ্রের কর্মী সুনীতি রায় জানান, রান্না করে খাবার দেওয়া থেকে শুরু করে গর্ভবতী মহিলা ও মায়েদের পরিষেবা দেওয়ার দায়িত্বও তাঁকেই সামলাতে হয়। শিশুদের পড়ানোর জন্য আলাদা কর্মী নেই। আগে গায়ত্রী সিংহ নামে একজন কর্মী ছিলেন,পরে তিনি অন্যত্র চলে যান।

স্থানীয়দের অভিযোগ, আগেও সংস্কারের আশ্বাস মিললেও কাজ হয়নি। পঞ্চায়েতের তরফে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিডিপিও কালসান লামা শেরপার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। এখন প্রশ্ন,বড় কোনও দুর্ঘটনা ঘটার আগেই কি প্রশাসনের টনক নড়বে?

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন