মঙ্গলবার, নভেম্বর 3, 2026
01:13:38 | কলকাতা
সর্বশেষ সংবাদ

‘মাস আর্ট’ থেকে দুই সংস্থা,কোটি টাকার লেনদেনের সূত্র খুঁজতে ইন্দ্রনীল সেনের মেয়েকে ডাক

দুর্গাপুজোর পাস বিলি ও আর্থিক লেনদেনে দুর্নীতির অভিযোগে নতুন মোড়। ‘মাস আর্ট’, ‘আইএসকেপ’ ও ‘মায়েরা’ সংস্থার লেনদেনের সূত্র ধরে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে তলব করল লালবাজার।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত:ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর পাস বিলি ও আর্থিক দুর্নীতির অভিযোগে এবার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে তলব করল লালবাজার। এই চাঞ্চল্যকর দুর্নীতির মামলায় তথ্য সংগ্রহের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন তদন্তকারীরা।লালবাজার ও গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ‘মাস আর্ট’ নামক একটি সংস্থার মাধ্যমে ইউনেস্কোর নাম ব্যবহার করে কোটি কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে। আর এই দুর্নীতির জাল ছড়িয়ে রয়েছে বহুদূর।

তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, ‘আইএসকেপ’ এবং ‘মায়েরা’ নামে দুটি সংস্থার মালিক খোদ ইন্দ্রনীল সেনের মেয়ে। অভিযোগ রয়েছে, ‘মাস আর্ট’-এর হাত ঘুরে এই দুটি সংস্থার মাধ্যমে বিপুল পরিমাণ দুর্নীতির টাকা ইন্দ্রনীল সেন ও তাঁর পরিবারের কাছে পৌঁছত এবং তাঁরা বিভিন্নভাবে লাভবান হয়েছেন।দুর্গাপুজোয় ইউনেস্কোর স্বীকৃতি ও নাম ভাঙিয়ে এই বিপুল দুর্নীতির নেপথ্যে ঠিক কী চক্র কাজ করছিল এবং কীভাবে এই টাকার হাতবদল হয়েছে, তা পরিষ্কার করতেই এবার প্রাক্তন মন্ত্রীর মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান তদন্তকারীরা। ইতিমধ্যেই লালবাজারের পক্ষ থেকে তাঁকে তলব করা হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, দুর্নীতির এই অভিযোগে প্রাক্তন মন্ত্রীর পরিবারের সরাসরি নাম জড়ানোয় রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। লালবাজারের এই পদক্ষেপের পর মামলার তদন্ত কোন দিকে মোড় নেয়,এখন সেটাই দেখার।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন