‘প্রতীক নেই’— তৃণমূলের ‘শ্রাদ্ধ’ করল বিজেপি,হিঙ্গলগঞ্জে চাঞ্চল্য
হিঙ্গলগঞ্জে তৃণমূলের দলীয় প্রতীক সামনে রেখে পুরোহিত ডেকে প্রতীকী ‘শ্রাদ্ধশান্তি’ করল বিজেপি। কর্মসূচি ঘিরে এলাকায় তৈরি হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য।

হাসানুজ্জামান,মানুষের মতামত:তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক নিয়ে সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জে অভিনব কর্মসূচির আয়োজন করলেন বিজেপি কর্মীরা। শুক্রবার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের ১৩১ নম্বর বুথে পুরোহিত ডেকে তৃণমূলের প্রতীককে সামনে রেখে প্রতীকী ‘শ্রাদ্ধশান্তি’ করা হয়। একইভাবে আমবেড়িয়া এলাকার ১৩৪ নম্বর বুথের বিজেপি কর্মীরাও এই কর্মসূচিতে অংশ নেন।
বিজেপি কর্মীদের দাবি, তৃণমূলের দলীয় প্রতীক নিয়ে সাম্প্রতিক পরিস্থিতির প্রতিবাদ জানাতেই এই প্রতীকী আয়োজন। অনুষ্ঠানে ধূপ-ধুনো জ্বালিয়ে পুরোহিতের উপস্থিতিতে কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি আবাস যোজনা, রেশন ও খাদ্য বণ্টন, নিয়োগ এবং জন্ম-মৃত্যু শংসাপত্র সংক্রান্ত বিভিন্ন অভিযোগের কথাও ব্যানারে তুলে ধরা হয়।
বিজেপি কর্মীদের বক্তব্য, তৃণমূলের প্রতীকের পাশাপাশি দলের আমলে ওঠা বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগেরও প্রতীকী প্রতিবাদ জানানো হয়েছে। তবে এই কর্মসূচি নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।
