স্বরূপনগরে সোনাই নদীতে নৌকা ছুটল,পাড়ে উঠল রাজনীতির ঝড়!খাদ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্যে চর্চা!
বিশ্বকর্মা পুজোয় স্বরূপনগরের সোনাই নদীতে জমজমাট নৌকা বাইচ। আর সেই উৎসবের আবহেই তৃণমূলের প্রতীক নিয়ে মন্তব্য করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

হাসানুজ্জামান,মানুষের মতামত:বিশ্বকর্মা পুজো উপলক্ষে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরে জমজমাট নৌকা বাইচের আয়োজন করা হয়। শুক্রবার তেতুলিয়া বিলের সোনাই নদীতে এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই উৎসবের আমেজ তৈরি হয়। নদীর দুই পাড়ে ভিড় জমান বহু মানুষ। বিভিন্ন এলাকা থেকে একাধিক নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। নৌকার দৌড় দেখতে দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। তিনি নদীর পাড়ে দাঁড়িয়ে নৌকা বাইচ উপভোগ করেন। তবে এদিন উৎসবের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রতীক সংক্রান্ত সাম্প্রতিক বিষয় নিয়েও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রীর পুরনো বক্তব্যের প্রসঙ্গ টেনে খাদ্যমন্ত্রী বলেন, “প্রাইভেট কোম্পানির মতো কোনও দল থাকবে না।” তাঁর এই মন্তব্য তৃণমূলের প্রতীক নিয়ে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের প্রেক্ষিতেই করা হয়েছে বলে জানা যায়।
নৌকা বাইচ ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়। ঐতিহ্যবাহী এই আয়োজন ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
