এক দলের দুই পরিচয়! ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল’ বনাম ‘গণতান্ত্রিক তৃণমূল’
তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে নতুন সমীকরণ। মমতা শিবিরের নতুন নাম ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’, প্রতীক ফুটবল খেলোয়াড়। ঋতব্রত শিবিরে ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’ ও খাম প্রতীক।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক নিয়ে চলা বিতর্কে এবার নতুন মোড়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী,আসন্ন উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির আর পুরনো ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম বা ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহার করতে পারবে না। তার পরিবর্তে মমতা শিবিরের নতুন নাম হয়েছে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’। দলের জন্য প্রতীক হিসেবে দেওয়া হয়েছে ‘ফুটবল খেলোয়াড়’।
অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের জন্য নতুন নাম ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’ এবং প্রতীক হিসেবে ‘খাম’ নির্ধারণ করা হয়েছে।এর আগে দুই শিবিরকেই বিকল্প নাম ও প্রতীকের তালিকা জমা দিতে বলেছিল নির্বাচন কমিশন। ঋতব্রত শিবির ‘জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস’ ও ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’—এই দুই নাম এবং ‘খাম’, ‘টর্চ’ ও ‘ব্ল্যাকবোর্ড’ প্রতীক প্রস্তাব করেছিল।
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে বিধানসভা উপনির্বাচন। সেই ভোটেই দুই শিবিরকে নতুন নাম ও প্রতীক নিয়ে লড়তে হবে।
