শুক্রবার, সেপ্টেম্বর 18, 2026
16:07:52 | কলকাতা
সর্বশেষ সংবাদ

তৃণমূলের প্রতীক বিতর্কে কমিশনকে নিশানা কংগ্রেসের,‘গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক’ দাবি

kolkataরাজনীতি

তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক ফ্রিজ করার নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তের সমালোচনা শুভঙ্কর সরকারের।কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তীব্র প্রতিবাদ কংগ্রেসের।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তের তীব্র সমালোচনা করল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। এক প্রেস বিবৃতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার দাবি করেন, এই বিতর্ক দীর্ঘদিনের হলেও কমিশন ইচ্ছাকৃতভাবে সিদ্ধান্ত নিতে দেরি করেছে। তাঁর অভিযোগ, রেজিনগর ও নন্দীগ্রাম উপনির্বাচনের মনোনয়ন পর্ব এবং স্ক্রুটিনি শেষ হওয়ার পর প্রতীক ‘ফ্রিজ’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

শুভঙ্কর সরকারের দাবি, মহারাষ্ট্রে শিবসেনার প্রতীক বিতর্কের মতোই পশ্চিমবঙ্গেও নির্বাচন কমিশন তৃণমূলের প্রতীক নিয়ে ‘অত্যন্ত ন্যক্কারজনক’ ভূমিকা নিয়েছে। তাঁর বক্তব্য, রাজনৈতিক লড়াই রাজনৈতিক ময়দানেই হওয়া উচিত এবং কোনও দলকে নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত মানুষের ভোটের মাধ্যমেই হওয়া কাম্য।

তৃণমূলের রাজনৈতিক মতাদর্শের বিরুদ্ধে কংগ্রেসের লড়াই চলবে বলেও স্পষ্ট করেন তিনি। তবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির শাখা সংগঠনের মতো কাজ করার অভিযোগ তুলে সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস।

Share with