শুক্রবার, সেপ্টেম্বর 18, 2026
16:11:27 | কলকাতা
সর্বশেষ সংবাদ

অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা,বৃষ্টির রাতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে মৃত্যু গৃহশিক্ষকের

Accidentজেলা ভিত্তিক সংবাদ

ধূপগুড়ির চৌরঙ্গীতে বৃষ্টির মধ্যে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু ৩৬ বছরের গৃহশিক্ষক রাজেন্দ্র মাহাতোর।আগে অভিযোগ জানিয়েও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ স্থানীয়দের।

তপন রায়,মানুষের মতামত:ধূপগুড়ির মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চৌরঙ্গী এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ৩৬ বছরের গৃহশিক্ষক রাজেন্দ্র মাহাতোর। বৃহস্পতিবার রাতে টিউশন সেরে বাইকে বাড়ি ফেরার পথে প্রবল বৃষ্টির মধ্যে রাস্তায় ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার আগেই রাস্তার উপর বিদ্যুতের তার পড়ে থাকার বিষয়টি বিদ্যুৎ দফতরকে জানানো হয়েছিল।কিন্তু অভিযোগ,দীর্ঘক্ষণ কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। রাত সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনার পর স্থানীয় যুবকেরা ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। তবে ততক্ষণে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেন্দ্রর।

পুলিশ ও বিদ্যুৎ দফতরের আধিকারিকরা পরে ঘটনাস্থলে পৌঁছন। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের তরফে পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি বিপজ্জনক বিদ্যুৎ লাইন দ্রুত মেরামতের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। আগেই অভিযোগ জানানো সত্ত্বেও কেন ব্যবস্থা নেওয়া হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

Share with