শনিবার, নভেম্বর 28, 2026
08:12:18 | কলকাতা
সর্বশেষ সংবাদ

রাস্তা মেরামতির নামে প্রহসন!নিম্নমানের কাজের প্রতিবাদ করতেই মারমুখী কর্মীরা, সাংবাদিককে মারধরের হুমকির অভিযোগ!

পূর্ব মেদিনীপুরের পটাশপুর–এগরা রাজ্য সড়কের খাড় বাজার এলাকায় রাস্তা মেরামতির কাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ। প্রতিবাদ করতে গিয়ে স্থানীয়দের হেনস্থা এবং সাংবাদিককে মারধরের হুমকির অভিযোগ উঠেছে।

রাজকুমার বেরা,মানুষের মতামত:পূর্ব- মেদিনীপুরের পটাশপুর–এগরা রাজ্য সড়কের খাড় বাজার এলাকায় রাস্তা মেরামতির কাজ ঘিরে উঠল গুরুতর অভিযোগ। নিম্নমানের সামগ্রী দিয়ে রিপেয়ারিং, কাজে গাফিলতি—আর প্রতিবাদ করতেই সাধারণ মানুষকে হেনস্থার অভিযোগ! পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে কাজের গুণমান নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে সাংবাদিককেও মারধরের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

স্থানীয়দের দাবি, সরকারি রাস্তা মেরামতির নামে চলছে দায়সারা কাজ। কোথায় কীভাবে কাজ হচ্ছে, তার মান নিয়ে প্রশ্ন তুলতেই কাজের সঙ্গে যুক্ত কর্মীদের একাংশের মারমুখী আচরণের মুখে পড়তে হচ্ছে প্রতিবাদীদের। অভিযোগ, সাংবাদিক প্রশ্ন করতেই হাতে থাকা কাজের সরঞ্জাম নিয়ে মারতে তেড়ে আসেন এক কর্মী।

সরকারি রাস্তার কাজ কি ঠিকাদারের ব্যক্তিগত সম্পত্তি? কাজের মান নিয়ে প্রশ্ন তুললেই কি হুমকি আর হামলার ভয় দেখানো হবে? জনগণের টাকায় রাস্তা তৈরি হবে, আর সেই কাজের ত্রুটি ধরতে গেলে মুখ বন্ধ করার চেষ্টা—এমন অভিযোগ উঠলে প্রশাসনের নীরবতা আরও প্রশ্নের জন্ম দেয়।

স্থানীয়দের দাবি, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে রাস্তার কাজের গুণমান যাচাই করা হোক এবং হুমকি ও দুর্ব্যবহারের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হোক। এখন দেখার, প্রশাসন তদন্তে নামে, নাকি অভিযোগের আড়ালেই থেকে যায় রাস্তা মেরামতির এই বিতর্ক!

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন