
রিয়া গিরি,মানুষের মতামত:বসিরহাট বিজেপির অন্দরে নতুন করে বিতর্ক। তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা আশিক বিল্লাহর সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী-সহ একাধিক বিজেপি নেতার ছবি ও সেলফি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ঘটনার সূত্রপাত ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার প্রতিবাদ সভাকে কেন্দ্র করে। ওই কর্মসূচিতে যোগ দেওয়ার পর আশিক বিল্লাহ বিজেপি নেতাদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বলে অভিযোগ। তা ঘিরেই ক্ষুব্ধ বসিরহাট বিজেপির একাংশ। এই প্রসঙ্গে কড়া অবস্থান নিয়েছেন বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্য। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, আশিক বিল্লাহকে দলে নেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকেও বহিষ্কার করা হবে। ফলে ছবি ঘিরে রাজনৈতিক বিতর্ক এখন বিজেপির অন্দরেই নতুন অস্বস্তি তৈরি করেছে।
