পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবিকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার জল্পনা। অজিত দোভালের উত্তরসূরি অথবা সহকারী হিসেবে তাঁর নাম নিয়ে চর্চা শুরু হয়েছে।
স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবিকে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ কোনও দায়িত্বে আনা হতে পারে। তাঁকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত দোভালের স্থলাভিষিক্ত করা হতে পারে বলেও জল্পনা ছড়িয়েছে। যদিও এ বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি।
১৯৭৬ সালের কেরল ক্যাডারের আইপিএস আধিকারিক আর এন রবির গোয়েন্দা বিভাগে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। একসময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ডেপুটি হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। ফলে তাঁকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অন্য একটি সম্ভাবনা হিসেবে,অজিত দোভাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে থাকলে রবিকে ফের তাঁর সহকারী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলেও আলোচনা চলছে।
আর এন রবিকে যদি পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে সরানো হয়, তাহলে তাঁর জায়গায় কে আসবেন, তা নিয়েও রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে।বিধানসভা নির্বাচনের আগে তাঁকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে আনা হয়েছিল। তাঁর কার্যকালে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব ও সাংবিধানিক ভূমিকা নিয়ে বিশেষ কোনও বড় বিতর্ক সামনে আসেনি। এর আগে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন।
২০১৪ সালে তিনি জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে মেঘালয়ের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন। গোয়েন্দা বিভাগে দীর্ঘ কাজের অভিজ্ঞতার পাশাপাশি চিন সংক্রান্ত বিষয়েও তাঁর বিশেষ অভিজ্ঞতা রয়েছে বলে জানা যায়।সব মিলিয়ে, আর এন রবিকে ঘিরে দিল্লির প্রশাসনিক মহলে নতুন দায়িত্বের জল্পনা তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত তিনি কোন পদে যাচ্ছেন, নাকি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবেই দায়িত্ব পালন করবেন, এখন নজর সেদিকেই।
