আলিপুরদুয়ারের কালচিনির জয়গাঁর গোটিবাড়িতে প্রস্তাবিত ল্যান্ডপোর্ট নির্মাণ ঘিরে উত্তেজনা। বিকল্প জমির দাবিতে আন্দোলন, প্রশাসনের অভিযানে আটক একাধিক বাসিন্দা।
তপন রায়,মানুষের মতামত:জয়গাঁর গোটিবাড়ি এলাকায় প্রস্তাবিত ল্যান্ডপোর্ট নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। এশিয়ান হাইওয়ের কাছে তুর্সা চা বাগান সংলগ্ন এলাকায় পৈতৃক জমির পরিবর্তে বিকল্প জমির দাবিতে গত চার মাস ধরে আন্দোলন চালাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা।
ল্যান্ডপোর্ট অথরিটিকে স্মারকলিপি দেওয়ার পর বিশাল পুলিশ বাহিনী ও এক্সকাভেটর নিয়ে জমি খালি করতে পৌঁছয় প্রশাসন। শুরু হয় আন্দোলনকারীদের সঙ্গে বচসা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কলকাতা হাইকোর্ট প্রকল্পের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি। যোগ্য জমিদাতাদের ক্ষতিপূরণের আশ্বাসও দেওয়া হয়েছে। তবে জমিতে কাজ শুরুর স্পষ্ট অনুমতি ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা।
এরপরই জমি বাঁচাও কমিটির সম্পাদক বিলাস ওরাঁও, মরিয়ম ওরাঁও, বিনোদ ওরাঁও ও সাগর বিশ্বকর্মী-সহ একাধিক আন্দোলনকারীকে আটক করে পুলিশ। পুলিশি উপস্থিতিতে শুরু হয় জমি পরিষ্কারের কাজ। ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন মন্ত্রী বিশাল লামা। পাশাপাশি হাইকোর্টের নির্দেশ মেনে চলার কথাও জানিয়েছেন তিনি।
