মঙ্গলবার, নভেম্বর 3, 2026
23:17:32 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বিরোধীদের মোকাবিলায় দেশজুড়ে বিজেপির নতুন রণকৌশল,রাজ্য নেতৃত্বকে টার্গেট বেঁধে দিলেন মোদী-শাহ!

সংগঠন মজবুত করা থেকে জনসংযোগ, বুথস্তরে লড়াই জোরদার—কংগ্রেস-সহ বিরোধী শিবিরকে পাল্টা চাপে রাখতে বড় পরিকল্পনা বিজেপির

বিপ্লব চক্রবর্তী,মানুষের মতামত:বিরোধীদের রাজনৈতিক আক্রমণের জবাব দিতে এবার দেশজুড়ে পাল্টা প্রচারে নামছে বিজেপি। কংগ্রেস-সহ বিরোধী জোটের প্রচার মোকাবিলা করতে রাজ্যভিত্তিক সংগঠনকে আরও সক্রিয় করার পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির। রাজনৈতিক লড়াই শুধু দিল্লির মঞ্চে সীমাবদ্ধ না রেখে রাজ্যের প্রতিটি জেলা ও বুথস্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়েছে নির্বাচন কমিশন। এই ইস্যুতে বিরোধীদের অভিযোগের পাল্টা জবাব দিতে ‘লোকতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। দেশজুড়ে পদযাত্রা, জনসভা, সাংবাদিক বৈঠক এবং জনসংযোগ কর্মসূচির মাধ্যমে নিজেদের বক্তব্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে দল।

এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উত্তরপ্রদেশের নির্বাচনী প্রস্তুতিতেও তিন নেতার মধ্যে আলাদা দায়িত্ব ভাগ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে খবর। বড় জনসভা থেকে শুরু করে জেলা ও বিধানসভা স্তরের সংগঠন পরিচালনা—সব ক্ষেত্রেই সমন্বয়ের উপর জোর দেওয়া হচ্ছে।

দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন রাজ্যে পদযাত্রার পাশাপাশি জেলা সদরগুলিতে বড় জমায়েতের লক্ষ্য রাখা হয়েছে। উত্তরপ্রদেশে যুব সম্মেলন এবং কৃষকদের সঙ্গে জনসংযোগের পরিকল্পনাও রয়েছে।রাজনৈতিক মহলের মতে, বিজেপির এই উদ্যোগের মূল লক্ষ্য বিরোধীদের প্রচারের পাল্টা বয়ান তৈরি করা এবং সংগঠনের কর্মীদের মাঠে নামানো। তবে এই কৌশল কতটা জনসমর্থন আদায় করতে পারে, তার উত্তর মিলবে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন