শিলিগুড়ি মহকুমার বিধাননগরের মুরলিগঞ্জ চেকপোস্টে পুলিশের অভিযানে দুটি গাড়ি থেকে ৪৫টি মোষ উদ্ধার। বৈধ নথি না থাকায় গ্রেফতার চারজন।
তপন রায়,মানুষের মতামত:মুরলিগঞ্জ চেকপোস্টে পুলিশের অভিযানে উদ্ধার হল ৪৫টি মোষ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে। শিলিগুড়ি মহকুমার বিধাননগর এলাকার মুরলিগঞ্জ চেকপোস্টে দুটি গাড়ি আটক করে তল্লাশি চালানোর পর এই বিপুল সংখ্যক মোষ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, AS 01S 9607 এবং AS 23BC 9596 নম্বরের দুটি গাড়িতে তল্লাশি চালানো হয়। প্রথম গাড়ি থেকে ১৯টি এবং দ্বিতীয় গাড়ি থেকে ২৬টি মোষ উদ্ধার হয়। সব মিলিয়ে মোট ৪৫টি মোষ উদ্ধার হয়েছে। অভিযোগ, মোষ পরিবহণের জন্য গাড়ি দুটির কাছে কোনও বৈধ নথিপত্র ছিল না।
এরপর মোষ-সহ দুটি গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই পৃথক দুটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মোষগুলি কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
