১৫ বছর ধরে পুলিশের চোখে ধুলো,অবশেষে STF-র জালে মাওবাদী নেতা ‘আকাশ’
পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গ্রেফতার মাওবাদী নেতা অশিম মণ্ডল ওরফে ‘আকাশ’। ১৫ বছরেরও বেশি সময় ধরে পুলিশের নজর এড়িয়ে ছিলেন তিনি।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:পূর্ব মেদিনীপুরের পটাশপুরের লালাট এলাকা থেকে মাওবাদী সংগঠনের শীর্ষ নেতা অশিম মণ্ডল ওরফে ‘আকাশকে’ গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অশিম মণ্ডল সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি-১-এর সম্পাদক হিসেবে সক্রিয় ছিলেন।
দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ড, ওড়িশা ও পশ্চিমবঙ্গের জঙ্গলঘেরা আন্তঃরাজ্য এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন অশিম মণ্ডল। শেষ পর্যন্ত প্রযুক্তিনির্ভর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর গতিবিধি সম্পর্কে নির্দিষ্ট তথ্য পায় এসটিএফ। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে পটাশপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
অশিম মণ্ডলকে গ্রেফতারের ঘটনায় কলকাতা পুলিশের এসটিএফের আধিকারিক ও কর্মীদের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন,রাজ্যের সীমানার মধ্যে মাওবাদী বা ‘লাল সন্ত্রাস’-র নেটওয়ার্ক পুনরুজ্জীবিত কিংবা সম্প্রসারণের কোনও প্রচেষ্টা বরদাস্ত করা হবে না।মুখ্যমন্ত্রীর বক্তব্য, কোনও চরমপন্থী মতাদর্শকে রাজ্যের মানুষের নিরাপত্তা এবং উন্নয়ন ব্যাহত করার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের যেকোনও প্রচেষ্টার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
