সন্দেশখালির দাঁড়ির জঙ্গলে বিজেপি কর্মী সঞ্জীব দাস ও তাঁর পরিবারের উপর হামলা এবং বাইক ভাঙচুরের অভিযোগ।দলের দুই নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য।
মোস্তাক আহমেদ জমাদার,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে বিজেপির অন্দরের বিবাদ ঘিরে উত্তেজনা ছড়াল। তোলাবাজির প্রতিবাদ করায় এক বিজেপি কর্মী ও তাঁর পরিবারের সদস্যদের মারধর, হুমকি এবং বাইক ভাঙচুরের অভিযোগ উঠল দলেরই দুই নেতার বিরুদ্ধে। ঘটনাটি সন্দেশখালি ২ নম্বর ব্লকের দাঁড়ির জঙ্গল এলাকার।
অভিযোগকারী বিজেপি কর্মী সঞ্জীব দাসের দাবি, সন্দেশখালি ২ নম্বর মণ্ডল সভাপতি অর্ণব পাত্র এবং বুথ সভাপতি হিমাংশু পাত্রের বিরুদ্ধে এলাকায় তোলাবাজির অভিযোগ রয়েছে। এর প্রতিবাদ করায় তাঁকে ও তাঁর পরিবারকে হেনস্থা করা হচ্ছে। এমনকী মারধর ও বাইক ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ তাঁর।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন অর্ণব পাত্র। পাল্টা সঞ্জীব দাসের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ ও দলীয় ভাবমূর্তি নষ্টের চেষ্টার কথা জানিয়েছেন তিনি।ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্দিষ্ট অভিযোগ না থাকলেও বিষয়টি খতিয়ে দেখছে সন্দেশখালি থানার পুলিশ।
