কালীপুজোর আগে স্বরূপনগর বাজারে মাটিয়া থানার পুলিশের অভিযানে উদ্ধার কয়েকশো প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি। গ্রেফতার দোকানের মালিক অনুপ কুমার বিশ্বাস।
মোস্তাক আহমেদ জমাদার,মানুষের মতামত:কালীপুজোর আগে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল মাটিয়া থানার পুলিশ। মুদির দোকানের আড়ালে চলছিল নিষিদ্ধ শব্দবাজির বেআইনি কারবার। গোপন সূত্রে খবর পেয়ে স্বরূপনগর বাজারে টাকি রোডের ধারে ওই দোকানে অভিযান চালায় পুলিশ।
বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে দোকান এবং তার গোডাউনে তল্লাশি চালাতেই উদ্ধার হয় কয়েকশো প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি। উদ্ধার হওয়া বাজির মধ্যে রয়েছে বুড়িমার চকলেট ও দুলালের চকলেট। প্রতিটি শব্দবাজির আকার প্রায় হাতবোমার মতো বলে জানা গিয়েছে। এই ঘটনায় দোকানের মালিক অনুপ কুমার বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি।
কালীপুজোর আগে লোকালয়ের মধ্যে এভাবে নিষিদ্ধ শব্দবাজির মজুতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধৃত দোকানমালিককে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করবে মাটিয়া থানার পুলিশ। এই কারবারের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না,তা খতিয়ে দেখছে পুলিশ।
