মঙ্গলবার, নভেম্বর 3, 2026
22:27:55 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বিজেপিতে পুরনো বনাম নতুন!

কলকাতা-হাওড়ার পুরভোটে টিকিটের লড়াইয়ে কোন পথে হাঁটবে দল?

অমিত রায়,মানুষের মতামত:দীর্ঘদিনের কর্মীদের আনুগত্য, অন্য দল থেকে আসা নেতাদের রাজনৈতিক প্রভাব এবং জয়ের সম্ভাবনা—প্রার্থী বাছাইয়ে বিজেপির সামনে একাধিক সমীকরণ

কলকাতা ও হাওড়ার আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির অন্দরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, প্রার্থী বাছাইয়ে গুরুত্ব পাবেন কারা? দীর্ঘদিন ধরে দলের সঙ্গে থাকা পুরনো কর্মীরা, নাকি রাজনৈতিক প্রভাব ও জয়ের সম্ভাবনায় এগিয়ে থাকা নতুন মুখেরা? নির্বাচনের প্রস্তুতি যত এগোচ্ছে, ততই সামনে আসছে পুরনো ও নতুন নেতৃত্বের রাজনৈতিক সমীকরণ।বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই জানিয়েছে, প্রার্থী নির্বাচনে দলের পুরনো কর্মীদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, যাঁরা কঠিন সময়েও দলের পাশে ছিলেন, তাঁদের বিষয়টি বিবেচনায় রাখা হবে। পাশাপাশি প্রার্থীর পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা, জনসংযোগ এবং জয়ের সম্ভাবনাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

অন্যদিকে, অন্য দল থেকে বিজেপিতে আসা নেতাদের প্রার্থী হওয়া নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে। বিশেষ করে তৃণমূল ছেড়ে আসা প্রাক্তন কাউন্সিলরদের টিকিট দেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও রাজ্য বিজেপি নেতৃত্ব স্পষ্ট করেছে, দলবদলুদের প্রার্থী করার বিষয়ে তাদের আগ্রহ নেই। সুকান্ত মজুমদারও পুরনো কর্মীদের অগ্রাধিকারের কথা জানিয়েছেন।

প্রার্থী বাছাইয়ের জন্য বিজেপির কাছে ছয় হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে বলে খবর। কলকাতার ২০৯টি এবং হাওড়ার ৬৮টি ওয়ার্ডে প্রার্থী বাছাইয়ের কাজ তাই যথেষ্ট গুরুত্বপূর্ণ। আবেদনকারীদের সম্পর্কে ওয়ার্ডস্তরে খোঁজখবর নেওয়ার পাশাপাশি জেলা ও রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা চলছে।এনসিপিআই -র সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনাও খারিজ করেছে বিজেপি।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, টিকিট না পেলে পুরনো কর্মীদের অসন্তোষ কীভাবে সামলাবে দল? প্রার্থী ঘোষণার পর সংগঠনের ঐক্য ধরে রাখাই হবে নেতৃত্বের অন্যতম পরীক্ষা। শেষ পর্যন্ত আনুগত্য, অভিজ্ঞতা নাকি জয়ের সম্ভাবনা—কোন সমীকরণে প্রার্থী বাছবে বিজেপি, তার উত্তর মিলবে চূড়ান্ত তালিকা প্রকাশের পরই।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন