মঙ্গলবার, নভেম্বর 3, 2026
22:29:51 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বারুইপুর থেকে ব্যারাকপুর,এন্টালি থেকে মন্তেশ্বর-ক্ষমতায় এসেও জেলায় জেলায় গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা?

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:রাজ্যে ক্ষমতায় আসার পরও বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি ক্রমশ সামনে আসছে।কোথাও নেতৃত্ব নিয়ে বিরোধ, কোথাও পুরনো ও নতুন কর্মীদের সংঘাত, আবার কোথাও পুজো কমিটির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের মধ্যে বিবাদ। বারুইপুর, ব্যারাকপুর, এন্টালি, মন্তেশ্বর থেকে হাওড়া—একাধিক জায়গায় এমন ঘটনা ঘিরে অস্বস্তিতে দলীয় নেতৃত্ব।

সবচেয়ে সাম্প্রতিক বিতর্ক ব্যারাকপুরে। প্রাক্তন তৃণমূল নেতা উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীর বিজেপিতে যোগদানের সম্ভাবনা ঘিরে বিধায়ক কৌস্তভ বাগচীর সঙ্গে মন্ত্রী অর্জুন সিংয়ের প্রকাশ্য মতবিরোধ শুরু হয়। মণীশ শুক্লা খুনের মামলায় অভিযুক্তদের সঙ্গে তাঁদের নাম জড়িয়ে থাকার অভিযোগ তুলে তাঁদের দলে নেওয়ার বিরোধিতা করেন কৌস্তভ। অন্যদিকে, অর্জুন সিং এই বক্তব্যকে গুরুত্ব দিতে চাননি। ২৮ অক্টোবর উত্তম দাসের বাড়িতে বিজেপি নেতাদের বিজয়ার শুভেচ্ছা জানাতে যাওয়া নিয়ে বিতর্ক আরও বাড়ে। ৩০ অক্টোবর নীলগঞ্জে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে দলেরই একাংশের ‘গো ব্যাক’ বিক্ষোভের মুখে পড়েন কৌস্তভ।

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে দুর্গাপুজো কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে বিজেপি কর্মী বাপি প্রামাণিকের মৃত্যু হয়। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছিল!কলকাতার এন্টালিতে পুজোর খুঁটি ও ব্যানার সরানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বিবাদ এবং থানা ঘেরাওয়ের ঘটনাও সামনে আসে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে দুই বিজেপি গোষ্ঠীর সংঘর্ষে ভাঙচুর ও মারধরের অভিযোগ ওঠে। হাওড়ার শালিমার, কোচবিহারের দিনহাটা এবং কলকাতার অন্যান্য এলাকাতেও দলীয় কর্মীদের মধ্যে সংঘাতের খবর প্রকাশ্যে এসেছে।বীরভূমের নানুরে ১ নভেম্বর সাংগঠনিক বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্ব ও প্রকাশ্যে বিরোধিতা বন্ধের নির্দেশ দিতে হয়েছে নেতৃত্বকে।প্রশ্ন উঠছে,ক্ষমতায় আসার পর সংগঠনের ভিতরে পদ, প্রভাব ও নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়ে কি নতুন করে সংঘাত তৈরি হচ্ছে? বিজেপির কাছে এখন বড় চ্যালেঞ্জ প্রশাসন পরিচালনার পাশাপাশি দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন