নামও নয়,প্রতীকও নয়! তৃণমূলের দুই গোষ্ঠীকে বড় নির্দেশ কমিশনের
তৃণমূলের নাম ও ‘জোড়াফুল’ প্রতীক ব্যবহারে দুই গোষ্ঠীর উপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের। উপনির্বাচনের আগে বড় সিদ্ধান্ত।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক নিয়ে বিবদমান দুই গোষ্ঠীর উপরেই অন্তর্বর্তী নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী এবং অরূপ রায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী—কেউই এককভাবে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম ব্যবহার করতে পারবে না। একইসঙ্গে আসন্ন উপনির্বাচনে ‘জোড়াফুল’ প্রতীকও ব্যবহার করা যাবে না।
কমিশনের নির্দেশ অনুযায়ী, দুই গোষ্ঠীকেই নিজেদের জন্য তিনটি করে বিকল্প নাম জানাতে হবে। উপনির্বাচনে প্রার্থীদের জন্যও কমিশনের বিজ্ঞপ্তিতে থাকা মুক্ত প্রতীকের তালিকা থেকে তিনটি করে পছন্দ জানাতে হবে। সেই তালিকা থেকে কমিশন নাম ও প্রতীক বরাদ্দ করবে।
এই নির্দেশকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে না। দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে বিবাদের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থা বহাল থাকবে।কমিশনের নথি অনুযায়ী, রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দুই পক্ষের প্রার্থীরা তৃণমূলের নামে ‘জোড়াফুল’ প্রতীকে মনোনয়ন জমা দিয়েছেন। দুই পক্ষের ফর্ম-বি-তে পৃথক নেতৃত্বের অনুমোদন রয়েছে। ফলে উপনির্বাচনের আগে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনেই এই নির্দেশ বলে জানিয়েছে কমিশন।
