বিধান মার্কেটের যানজট কমাতে নতুন পরিকল্পনা, দেড় কোটি টাকায় তৈরি হচ্ছে পার্কিং লট
বিধান মার্কেট ও সংলগ্ন এলাকায় যানজট ও পার্কিং সমস্যা কমাতে বড় উদ্যোগ শিলিগুড়ি প্রশাসনের।কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন মেলা ময়দানে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে স্থায়ী পার্কিং লট।১৫ অক্টোবরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

তপন রায়,মানুষের মতামত:শিলিগুড়ি শহরের দীর্ঘদিনের পার্কিং ও যানজটের সমস্যা মেটাতে বড় উদ্যোগ নিল প্রশাসন। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন মেলা ময়দানে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে স্থায়ী পার্কিং লট। মূলত বিধান মার্কেট ও আশপাশের এলাকার যানজট কমাতেই এই সিদ্ধান্ত।
বৃহস্পতিবার প্রকল্পের শিলান্যাস করেন পর্যটন ও সংসদীয় বিষয়ক দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরনিগমের কমিশনার বীর বিক্রম রাই, ডিসিপি ট্রাফিক শামসুদ্দিন আহমেদ-সহ প্রশাসনের আধিকারিকরা।মন্ত্রী জানান, স্টেডিয়াম সংলগ্ন এলাকায় পার্কিং পরিষেবা ইতিমধ্যেই শুরু হয়েছে। বাকি পরিকাঠামোগত কাজ দ্রুত শেষ করে পুজোর আগেই ব্যবস্থা পূর্ণাঙ্গ করার লক্ষ্য রয়েছে। নতুন প্রকল্পের কাজ আগামী ১৫ অক্টোবরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
এছাড়া শহরে বড় ভলভো বাসের প্রবেশ নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট জায়গায় রাখার পরিকল্পনাও নেওয়া হয়েছে। মেলার জন্য ভবিষ্যতে নির্দিষ্ট স্থান চিহ্নিত করার কথাও জানান মন্ত্রী। তবে দুর্গাপুজোর ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে।
