বৃহস্পতিবার, সেপ্টেম্বর 17, 2026
11:23:27 | কলকাতা

ভুয়ো চিকিৎসকের পর এবার নিয়োগকারীদের পালা?কড়া পদক্ষেপের ইঙ্গিত স্বাস্থ্য কমিশনের

kolkataস্বাস্থ্য

ভুয়ো নথিতে চিকিৎসক হিসেবে কাজের অভিযোগ ঘিরে কড়া রাজ্য স্বাস্থ্য কমিশন। চিকিৎসকের নথি যাচাইয়ে গাফিলতি হলে হাসপাতাল ও নার্সিংহোমের বিরুদ্ধেও পদক্ষেপের বার্তা।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:ভুয়ো নথি ব্যবহার করে চিকিৎসক হিসেবে কাজের অভিযোগ ঘিরে এবার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির দায়ও খতিয়ে দেখার বার্তা দিল রাজ্য স্বাস্থ্য কমিশন। কমিশনের চেয়ারম্যান তথা অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছেন, চিকিৎসকের যোগ্যতা ও নথিপত্র যথাযথভাবে যাচাই না করে নিয়োগ করা হলে সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হতে পারে। চিকিৎসা পরিষেবা সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হলে পেনাল্টির পরিমাণ বাড়ানোর বিষয়টিও বিবেচনা করছে কমিশন।

ভুয়ো শংসাপত্র ব্যবহার করে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন নেওয়ার অভিযোগে ইতিমধ্যেই কয়েকজনের বিরুদ্ধে পদক্ষেপ হয়েছে। অন্তত পাঁচজনের রেজিস্ট্রেশন বাতিলের বিষয়টি সামনে এসেছে। পূর্ব বর্ধমানের ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়ো নথি ব্যবহার করে চিকিৎসা এবং একাধিক নার্সিংহোমে অস্ত্রোপচারের অভিযোগ উঠেছে। বারাসতেও একই ধরনের অভিযোগ প্রকাশ্যে এসেছে। এরপর বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে চিকিৎসকদের নথি ও যোগ্যতা নতুন করে যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশনের লক্ষ্য, নিয়োগ প্রক্রিয়ায় ফাঁক বন্ধ করে রোগীর নিরাপত্তা নিশ্চিত করা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।