৬ অক্টোবর কী হবে? নন্দীগ্রাম-রেজিনগর নিয়ে নবান্নের বড় নির্দেশ
নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচন ঘিরে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের। ৬ অক্টোবর ভোটের দিন সংশ্লিষ্ট এলাকায় সরকারি ছুটি,কর্মীদের জন্য বেতন-সহ ছুটির ব্যবস্থাও।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য অর্থ দফতরের ১৪ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট দুই বিধানসভা এলাকার সরকারি দফতর,সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ড, কর্পোরেশন-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
শুধু সরকারি কর্মীরাই নন,সংশ্লিষ্ট এলাকার দোকান,বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের কর্মীদেরও ভোটদানের সুযোগ করে দিতে ওই দিন বেতন-সহ ছুটি দেওয়ার জন্য শ্রম দফতর প্রয়োজনীয় নির্দেশ জারি করবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নন্দীগ্রাম বা রেজিনগরের ভোটার কেউ ওই এলাকার বাইরে কর্মরত থাকলেও নির্দিষ্ট শর্তে বেতন-সহ ছুটির সুবিধা পাবেন। ভোটগ্রহণের কাজ দেরি হলে ৭ অক্টোবর সরকারি কর্মীদের বিশেষ ছুটি দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।এছাড়া ৫ অক্টোবর ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত সরকারি অফিস বা শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় ছুটি দেওয়া যেতে পারে।
