নন্দীগ্রামের উপনির্বাচনের আগে সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে শুভেন্দু অধিকারীর বিশেষ আবেদন। ৬ অক্টোবরকে ‘বন্ধুত্ব দিবস’ হিসেবে উল্লেখ করে একসঙ্গে উন্নয়নের বার্তা দিয়েছেন তিনি। তাঁর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা।
নাজমুল হাসান,মানুষের মতামত:নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।শুক্রবার বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে নন্দীগ্রামে প্রচারসভা থেকে তিনি বলেন,৬ অক্টোবরকে তিনি ‘বন্ধুত্ব দিবস’ হিসেবে দেখছেন এবং সংখ্যালঘুদের তাঁর সঙ্গে ‘বন্ধুত্ব’ করার আহ্বান জানান। নন্দীগ্রামে উপনির্বাচন ৬ অক্টোবর এবং ফল ঘোষণা ৯ অক্টোবর।
শুভেন্দুর বক্তব্য,রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা জাতি, ধর্ম ও বর্ণের ভিত্তিতে নয়, সকলের জন্যই দেওয়ার চেষ্টা করা হয়েছে। যাঁরা এখনও পরিষেবা পাননি, তাঁদের ক্ষেত্রেও প্রক্রিয়া চলছে বলে দাবি করেন তিনি। সংখ্যালঘুদের উদ্দেশে তাঁর বার্তা ছিল, উন্নয়নের অংশীদার হিসেবে একসঙ্গে এগিয়ে চলার!
রাজ্যের পর্যবেক্ষক মহলের একাংশের মতে, ইতিমধ্যেই বাংলার একটি অংশের সংখ্যালঘু মানুষের মধ্যে শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা ইতিমধ্যেই আছে এবং তাঁরা তাঁকে জননেতা হিসেবেই দেখছেন। রাজনৈতিক মহলের একাংশের ধারণা,নন্দীগ্রামের সভা থেকে সংখ্যালঘুদের উদ্দেশে শুভেন্দুর এই আবেদন সেই গ্রহণযোগ্যতাকে আরও দৃঢ় করতে পারে।তাঁর ‘বন্ধুত্ব দিবস’-এর বার্তায় সাড়া দিয়ে সংখ্যালঘু ভোটারদের একাংশ এবার বিজেপির পাশে দাঁড়াতে পারেন বলেও মনে করছেন তাঁরা।নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হাসিরানি রথ। তিনি শুভেন্দুর প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা।উপনির্বাচনকে ঘিরে বিজেপি,কংগ্রেস, বাম এবং অন্যান্য রাজনৈতিক শিবিরের প্রচার চলছে।
