বসিরহাটের মাঠনিয়ায় ফুটবল টুর্নামেন্ট চলাকালীন দর্শকদের মধ্যে বাজির বান্ডেল ফেটে আহত একাধিক। মাঠে উত্তেজনা ও হাতাহাতির পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
হাসানুজ্জামান,মানুষের মতামত:ফুটবল টুর্নামেন্ট চলাকালীন বাজি ফোটানোকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল বসিরহাটের মাঠনিয়া এলাকায়। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার মাঝেই বাজি প্রদর্শন চলছিল। সেই সময় কয়েকটি বাজির বান্ডেল দর্শকদের মধ্যে গিয়ে পড়ে এবং বিস্ফোরিত হয়। বাজির আগুনে একাধিক দর্শক ও খেলোয়াড় আহত হন।
ঘটনার পরেই মাঠে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে দর্শকদের ছোটাছুটি শুরু হয়। উত্তেজিত দর্শকরা মাঠে ঢুকে পড়লে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারপিটের পরিস্থিতি তৈরি হয়। আয়োজকদের বারবার মাইকিং সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আহতদের স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে,সেই কারণে প্রশাসনের তরফে বাজি ফোটানো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
