রবিবার, নভেম্বর 15, 2026
05:23:10 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ওয়েইসি-আজাদ-মায়াবতীর চালে কি ফের ক্ষমতায় যোগী? উত্তরপ্রদেশে বিরোধী ভোটে বড় ভাঙনের আশঙ্কা!

উত্তরপ্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচন ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ। আসাদউদ্দিন ওয়েইসি ও চন্দ্রশেখর আজাদের জোট ঘোষণা,৪০৩ আসনে লড়াইয়ের পরিকল্পনা।অখিলেশ যাদব,কংগ্রেস ও বিজেপির নির্বাচনী অঙ্কে কী প্রভাব পড়বে?

বিট্টু রায় চৌধুরী,মানুষের মতামত:জাতীয় রাজনীতির ভরকেন্দ্র উত্তরপ্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে সব পক্ষ। একদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিজেপি এবং এনডিএ শরিকদের ক্ষমতা ধরে রাখার লড়াই, অন্যদিকে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (সপা) ও কংগ্রেসের ইন্ডিয়া জোটের প্রত্যাবর্তনের মরিয়া চেষ্টা। কিন্তু এই দ্বিমুখী লড়াইয়ের সমীকরণ পুরোপুরি ওলটপালট করে দিয়ে রাজ্যে আত্মপ্রকাশ করল এক নতুন রাজনৈতিক শক্তি। লখনউয়ে যৌথ সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে জোট বাঁধার কথা ঘোষণা করলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি এবং আজাদ সমাজ পার্টি (কাঁশিরাম)-র নেতা চন্দ্রশেখর আজাদ। পাশাপাশি বহুজন সমাজ পার্টির (বসপা) সুপ্রিমো মায়াবতীও একক শক্তিতে ময়দানে নামার প্রস্তুতি নেওয়ায় গোমতী তীরের রাজনীতি এখন রীতিমতো চতুর্মুখী লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।

বৃহস্পতিবার লখনউয়ের মঞ্চ থেকে ওয়েইসি এবং নাগিনার সাংসদ চন্দ্রশেখর আজাদ তাঁদের নতুন জোট ‘সামাজিক পরিবর্তন মোর্চা’-র কথা ঘোষণা করেছেন।শুধু জোট ঘোষণাই নয়, রাজ্যের ৪০৩টি বিধানসভা আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দলিত নেতা চন্দ্রশেখর আজাদের নামও ঘোষণা করেছেন ওয়েইসি। তাঁদের লক্ষ্য স্পষ্ট—উত্তরপ্রদেশের প্রায় ২০ শতাংশ মুসলিম এবং ২১ শতাংশ দলিত ভোটব্যাঙ্ককে এক ছাতারk তলায় নিয়ে আসা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের বড় অংশের মতে, ওয়েইসি-চন্দ্রশেখরের এই নয়া জোট এবং মায়াবতীর আলাদা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত সবথেকে বেশি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে অখিলেশ যাদব ও কংগ্রেসের জন্য। সপা-কংগ্রেস জোটের মূল শক্তিই হলো মুসলিম ও দলিত ভোটের একাংশের সমর্থন। সেখানে আজাদ-ওয়েইসি জোট এবং মায়াবতীর প্রার্থীরা ভোট কাটলে বিরোধী ভোট ভাগ হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।

পরিসংখ্যান বলছে, গত বিধানসভা নির্বাচনে এমন অন্তত ৫৮টি আসন ছিল যেখানে দলিত ও মুসলিম ভোট নির্ণায়ক শক্তি হিসেবে কাজ করেছিল এবং বিজেপি প্রার্থীরা খুব সামান্য ব্যবধানে পরাজিত হয়েছিলেন।সিরাথু, ইটাওয়া,রামনগর বা দুমারিয়াগঞ্জের মতো আসনগুলিতে ২০০ থেকে ৭ হাজার ভোটের ব্যবধানে হেরেছিল গেরুয়া শিবির। নতুন এই জোট ওই আসনগুলিতে বিরোধী ভোটে থাবা বসালে সমীকরণ বদলে যেতে বাধ্য।

পশ্চিম উত্তরপ্রদেশে জাঠ ভোট এবং পূর্বাঞ্চলে রাজভর ভোটব্যাঙ্ক ইতিমধ্যেই এনডিএ শিবিরের সঙ্গে রয়েছে।এর ওপর বিরোধী শিবিরে ভাঙন ধরলে এবং সংখ্যালঘু ও দলিত ভোট তিন ভাগে (সপা-কংগ্রেস, ওয়েইসি-আজাদ এবং মায়াবতী) বিভক্ত হয়ে গেলে তা আখেরে যোগী আদিত্যনাথ ও বিজেপিকেই বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

যদিও প্রকাশ্যে এই তৃতীয় জোটকে গুরুত্ব দিতে নারাজ সপা ও কংগ্রেস নেতৃত্ব।

অযোধ্যার সপা সাংসদ অবধেশ প্রসাদ এবং কংগ্রেস সাংসদ ইমরান মাসুদের দাবি,গণতন্ত্রে সবার জোট গড়ার অধিকার থাকলেও মানুষ বিজেপিকে সরাতে অখিলেশ যাদবের ওপরই আস্থা রাখবেন। তবে রাজনৈতিক মহলের মতে, ভোটের ময়দানে ‘সামাজিক পরিবর্তন মোর্চা’ এবং ‘হাতি’ প্রতীকের উপস্থিতি যদি বিরোধী ভোটের ১০-১৫ শতাংশও নিজেদের দিকে টানতে পারে, তবে লখনউয়ের মসনদে বিজেপির হ্যাটট্রিকের পথ অনেকটাই প্রশস্ত হয়ে যাবে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন