রবিবার, নভেম্বর 15, 2026
05:23:12 | কলকাতা
সর্বশেষ সংবাদ

শমীকের হুঁশিয়ারিতেও থামছে না দাপট!জেলায় জেলায় তোলাবাজি থেকে প্রতিহিংসার অভিযোগ!

অমিত রায়,মানুষের মতামত:পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল এবং ক্ষমতায় আসার পর থেকেই দলের নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ থাকার কড়া বার্তা দিয়ে আসছেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। প্রতিহিংসার রাজনীতি, তোলাবাজি এবং যেকোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করা থেকে বিরত থাকার জন্য তিনি বারবার সতর্ক করলেও, দলেরই একটি বড় অংশ সেই নির্দেশকে কার্যত অগ্রাহ্য করছে বলে অভিযোগ উঠেছে। এই অভ্যন্তরীণ বিশৃঙ্খলা নিয়ে রীতিমতো উদ্বেগে রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির নাম ভাঙিয়ে প্রতিহিংসার রাজনীতি, তোলাবাজি এবং অরাজক পরিবেশ তৈরির একাধিক অভিযোগ ইতিমধ্যেই দলের রাজ্য দপ্তরের পাশাপাশি দিল্লির কেন্দ্রীয় দপ্তরেও পৌঁছেছে। শমীক ভট্টাচার্যের একের পর এক হুঁশিয়ারিকে যে নিচুতলা থেকে শুরু করে দলের একাংশ গুরুত্ব দিচ্ছেন না, তার প্রমাণ মিলছে বিভিন্ন জেলায়। বিশেষত পূর্ব বর্ধমান জেলায় দলের একাধিক বিধায়কের বিরুদ্ধে সরাসরি তোলাবাজি এবং প্রতিহিংসার রাজনীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠায় রাজ্য বিজেপির অন্দরমহলে তীব্র প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে, দল ভারী করতে তৃণমূল কংগ্রেস থেকে নেতাকর্মীদের বিজেপিতে নেওয়া নিয়েও দলের অন্দরে ফাটল চওড়া হয়েছে। আদি বিজেপি ও আরএসএস শিবিরের তীব্র আপত্তি উপেক্ষা করেই বহু ক্ষেত্রে স্থানীয় নেতারা তৃণমূলের চিহ্নিত অপরাধমূলক কাজে জড়িত ব্যক্তিদের দলে জায়গা দিচ্ছেন বলে অভিযোগ। এর ফলে পুরনো তোলাবাজির সংস্কৃতি নতুন করে বিজেপির ভেতরে ঢুকে পড়ছে বলে মনে করছেন আদি কর্মীরা।

দলের একাংশের আরও অভিযোগ, শুধু নিচুতলাতেই নয়, রাজ্য নেতৃত্বের ওপরের তলারও অনেকেই তৃণমূল থেকে লোক এনে দল ভরাতে এবং শাসক শিবিরের একটি বড় অংশের সঙ্গে বোঝাপড়া করে চলতে চাইছেন। এই ধরনের রাজনীতি নিয়ে দলের অন্দরে তীব্র মতভেদ ও অসন্তোষ তৈরি হয়েছে। গতকাল বাগুইহাটির সভা থেকেও শমীক ভট্টাচার্য ফের কড়া বার্তা দিয়েছেন। তবে দলের বর্তমান পরিস্থিতিতে তাঁর এই সতর্কবার্তা বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহল।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন