গণেশ চতুর্থী থেকে দীপাবলি—পোশাক, গয়না, ইলেকট্রনিক্স ও খাদ্যসামগ্রীর বাজারে ব্যাপক বিক্রি। গত বছরের তুলনায় ১৫-১৮ শতাংশ বৃদ্ধির দাবি ব্যবসায়ী সংগঠনগুলির।
বিট্টু রায় চৌধুরী,মানুষের মতামত:গণেশ চতুর্থী থেকে শুরু করে দুর্গাপূজা, লক্ষ্মীপূজা হয়ে দীপাবলি— টানা দু’মাসের উৎসবের আবহে রেকর্ড ব্যবসার সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। দীর্ঘ মন্দা ও মূল্যবৃদ্ধির উদ্বেগকে একপাশে সরিয়ে রেখে এবার কেনাকাটায় কার্যত উপচে পড়ল সাধারণ মানুষের ঢল। খুচরো বিক্রেতা থেকে শুরু করে বড় শপিং মল— সর্বত্রই ক্রেতাদের ব্যাপক উপস্থিতিতে হাসি ফুটেছে সর্বস্তরের ব্যবসায়ীদের মুখে। ব্যবসায়ী সংগঠনগুলির যৌথ সমীক্ষা অনুযায়ী, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে সামগ্রিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা ছুঁয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ১৫ থেকে ১৮ শতাংশ বেশি।
সবচেয়ে নজরকাড়া বৃদ্ধি দেখা গিয়েছে পোশাক ও বস্ত্র শিল্পে। গড়িয়াহাট, হাতিবাগান, নিউ মার্কেট থেকে শুরু করে জেলা শহরের বাজারগুলিতে পোশাক কেনাবেচা থেকেই প্রায় ৩৫ হাজার কোটি টাকার বাণিজ্য হয়েছে। একই সঙ্গে সোনার দামে বৃদ্ধি থাকা সত্ত্বেও ধনতেরাস ও দীপাবলি উপলক্ষে সোনা, রুপো ও হিরের গয়না বিক্রিতে বড়সড় বৃদ্ধি লক্ষ্য করা গেছে। অলঙ্কার ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুসারে, ধনতেরাসের সময়েই রাজ্য জুড়ে প্রায় ৪,৫০০ কোটি টাকার সোনা ও হিরে বিক্রি হয়েছে।
বৈদ্যুতিন সামগ্রী এবং গৃহস্থালির পণ্যের বাজারও ছিল চাঙ্গা। স্মার্টফোন, রেফ্রিজারেটর, এলইডি টিভি ও ওয়াশিং মেশিনের মতো পণ্যের কেনাবেচায় প্রায় ১৬ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত হয়েছে। অনলাইনে কেনাকাটার চল থাকলেও এবার অফলাইন বা স্থানীয় দোকানগুলিতে কিস্তির বিশেষ সুবিধার কারণে সরাসরি বিক্রি বেশি হয়েছে। মিষ্টি, খাদ্যসামগ্রী ও রেস্তরাঁ ব্যবসাতেও জোয়ার এসেছে। উৎসবের দিনগুলিতে শুধু খাদ্য ও পানীয় খাতেই প্রায় ৯ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে বলে বিভিন্ন বাণিজ্যিক ফোরাম সূত্রে জানা গেছে।
রাজ্যের কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)-এর পক্ষ থেকে জানানো হয়েছে,সার্বিক অর্থনীতিতে উৎসবের এই কেনাকাটা অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলেছে। গণেশ চতুর্থী থেকেই বাজারে যে গতি এসেছিল, তা ভাইফোঁটা পর্যন্ত বজায় ছিল। গ্রামীণ ও মফস্সল এলাকাতেও কৃষিজ আয় ও বোনাসের জেরে কেনাকাটার প্রবণতা ছিল চোখে পড়ার মতো। উৎসবের এই জোয়ার রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আর্থিক ভিতকে অনেকটাই শক্ত করল।
