সোমবার, নভেম্বর 9, 2026
21:22:00 | কলকাতা
সর্বশেষ সংবাদ

এসআইআর নিয়ে রাহুলের চ্যালেঞ্জ, মোদীর হয়ে জবাব শাহের!এবার সংসদে মহারণ?

এসআইআর বিরোধী আন্দোলন ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি ঘিরে উত্তপ্ত জাতীয় রাজনীতি। রাহুল গান্ধীর বিতর্কের চ্যালেঞ্জের জবাবে সংসদে বিশেষ অধিবেশনের প্রস্তাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:চলমান এসআইআর বিরোধী আন্দোলন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে জাতীয় রাজনীতি তুঙ্গে উঠেছে। এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি প্রকাশ্য জাতীয় বিতর্কে অংশ নেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী মোদীর পক্ষে সেই চ্যালেঞ্জ গ্রহণ করে পাল্টা প্রস্তাব ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সরকার ও বিজেপির ‘নম্বর টু’ হিসেবে পরিচিত অমিত শাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নরেন্দ্র মোদী এই বিতর্কে অংশ নিতে প্রস্তুত,তবে তা হতে হবে সংসদ ভবনের ভেতরে।

গত বেশ কিছুদিন ধরে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও চক্রান্তের অভিযোগ তুলে আসছে বিরোধী ‘ইন্ডি’ জোট। বিরোধী শিবিরের দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই প্রেক্ষাপটে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবিতে সোচ্চার হয়েছেন রাহুল গান্ধীসহ বিরোধী নেতারা। এমনকি বিরোধী জোটের পক্ষ থেকে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতীকী অভিসংশন প্রস্তাবও আনা হয়েছে। রাহুল গান্ধীর অভিযোগ, নির্বাচন কমিশন বর্তমান শাসকদলের স্বার্থে কাজ করছে, যা দেশের গণতান্ত্রিক কাঠামোর ওপর সরাসরি আঘাত। অন্যদিকে, শাসকশিবিরের পালটা দাবি, এই আন্দোলন আদতে অনুপ্রবেশকারীদের বাঁচানোর এবং রাজনৈতিক ফায়দা লোটার একটি অসৎ কৌশল।

এই তীব্র রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই রাহুল গান্ধীর সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পাল্টা প্রস্তাব দিয়েছেন।

রাহুল গান্ধীর চ্যালেঞ্জের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রাহুল গান্ধী যদি সত্যিই এসআইআর ইস্যু এবং বিরোধী ‘ইন্ডি’ জোটের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তিপূর্ণ বিতর্কে বসতে চান, তবে তাঁর উচিত সংসদে বিশেষ অধিবেশন ডাকার আনুষ্ঠানিক দাবি জানানো। অপরাধ বা কারচুপির অভিযোগ শুধু বাইরে না তুলে সংসদে এসে তা প্রমাণ করুন।” অমিত শাহ আশ্বাস দেন যে, বিরোধী দলগুলি যদি বিশেষ অধিবেশনের দাবি তোলে, তবে সরকার তা পূর্ণ সমর্থন করবে এবং অধিবেশনের ব্যবস্থা করবে।

তিনি আরও যোগ করেন, বিশেষ অধিবেশনে রাহুল গান্ধী যেন এসআইআর বিরোধী আন্দোলন এবং এতে সরকারের ভূমিকা নিয়ে তাঁদের সমস্ত বক্তব্য ও অভিযোগ বিস্তারিতভাবে পেশ করেন। সেই সংসদীয় মঞ্চেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থেকে রাহুল গান্ধীর সমস্ত প্রশ্নের জবাব দেবেন এবং জাতীয় বিতর্কে অংশ নেবেন।

উল্লেখ্য, জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর বাতিলের দাবিতে বিরোধী জোট ‘ইন্ডি’র লাগাতার আন্দোলন ও রাহুল গান্ধীর সরাসরি চ্যালেঞ্জের পর অমিত শাহের এই সংসদের ভেতরে বিতর্কের পাল্টা প্রস্তাবে জাতীয় রাজনীতিতে বিতর্ক এখন আরও এক নতুন মাত্রা পেল।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন