ক্যানিং পশ্চিমের বিধায়ককে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করল বারুইপুর জেলা পুলিশ। মুম্বই যাওয়ার সময় আটক। ধর্ষণ-সহ একাধিক ধারায় দায়ের মামলায় আগামীকাল আদালতে পেশ করা হবে।
স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:ক্যানিং পশ্চিমের বিধায়ককে গ্রেফতার করল বারুইপুর জেলা পুলিশ। সোমবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে,কলকাতা থেকে মুম্বই যাওয়ার চেষ্টা করার সময় নির্দিষ্ট সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তাঁকে আটক করা হয়।
পুলিশের প্রেস বিবৃতি অনুযায়ী, ক্যানিং থানায় দায়ের হওয়া ৫৬১/২০২৬ নম্বর মামলায় ওই বিধায়ক অভিযুক্ত। গত ৫ সেপ্টেম্বর দায়ের হওয়া এই মামলায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারায় অভিযোগ রয়েছে।
বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG) এই অভিযান চালায়। বারুইপুর জেলা পুলিশ সুপার এবং অন্যান্য পদস্থ আধিকারিকদের সরাসরি তত্ত্বাবধানে গোটা অভিযান পরিচালিত হয়। পাশাপাশি বিধাননগর পুলিশের সক্রিয় সহযোগিতাও ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, তদন্ত এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে মুম্বই যাওয়ার চেষ্টা করছিলেন ওই বিধায়ক। বিমানবন্দর থেকেই তাঁকে আটক করে বারুইপুর জেলা পুলিশের অধীনে নিয়ে যাওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামীকাল, ১০ নভেম্বর তাঁকে সংশ্লিষ্ট আদালতে পেশ করা হবে।এই ঘটনায় রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। তবে মামলার তদন্ত এখনও চলছে। অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষ।
