সোমবার, নভেম্বর 9, 2026
08:09:56 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিও বিফল!নিয়মের গালে শব্দবাজির চড়!পুলিশের নজরদারি কোথায়?

কালীপুজোয় নিষিদ্ধ শব্দবাজির দাপটে কাঁপল কলকাতা ও শহরতলি। নিয়ম ভেঙে দিনভর বাজি ফাটানোর অভিযোগ।৩,৫০০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার, গ্রেপ্তার ১৩ জন।তবুও শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:আকাশজুড়ে আলোর রোশনাই, উৎসবের উল্লাস আর তার আড়ালে শব্দদানবের বেপরোয়া তাণ্ডব! কালীপুজোয় নিষিদ্ধ বাজির দাপটে কার্যত বধির হয়ে রইল প্রশাসন। নিয়ম ছিল রাত ৮টা থেকে ১০টা, তাও শুধুমাত্র অনুমোদিত সবুজ বাজি। কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলল কানফাটানো শব্দবাজির উৎসব। কলকাতা থেকে শহরতলি, মফস্বল—সর্বত্রই একই ছবি। প্রশ্ন একটাই, এত নিষেধাজ্ঞা, এত প্রচার, এত পুলিশি অভিযান, এত হুঁশিয়ারির পরেও নিষিদ্ধ বাজির এমন রমরমা কীভাবে? তবে কি প্রশাসনের সমস্ত প্রস্তুতিই কাগজে-কলমে সীমাবদ্ধ?

উৎসবের আনন্দে যখন মেতে উঠেছে একাংশ, তখন অন্য প্রান্তে আতঙ্কে দিন কাটিয়েছেন শিশু, প্রবীণ, হৃদরোগী ও অসুস্থ মানুষ। শব্দের দাপটে ঘরের কোণে কান চাপা দিয়ে থাকতে হয়েছে অনেককে। আতঙ্কে খাটের তলায় আশ্রয় নিয়েছে পোষ্যরা। রাস্তায় থাকা পথকুকুরদের দুর্দশার ছবিও ছিল চোখে পড়ার মতো। মানুষের উৎসব কি অন্য প্রাণীদের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠবে? এই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব কার?

কালীপুজোর আগের রাত থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকার বাতাসের মান উদ্বেগজনক হয়ে ওঠে। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বিভিন্ন এলাকায় PM 2.5-এর মাত্রা ছিল ঘুসুড়িতে ৩৫০, সল্টলেকে ৩৩৬, যাদবপুরে ৩২৬, বালিগঞ্জে ৩২১ এবং বেলুড়ে ৩১৩। পরিবেশবিদদের মতে, নিয়ম ভেঙে বাজি পোড়ানো এবং নিষিদ্ধ প্রথাগত বাজির ব্যবহার বায়ুদূষণের অন্যতম বড় কারণ। বাতাসে ছড়িয়েছে PM 2.5, PM 10, সালফার ডাই-অক্সাইড-সহ ক্ষতিকর দূষিত কণা। উৎসবের আনন্দের মূল্য কি এভাবেই দিতে হবে সাধারণ মানুষকে?

অথচ প্রশাসনের নির্দেশ ছিল স্পষ্ট। রাত ৮টা থেকে ১০টার মধ্যে নির্দিষ্ট নিয়ম মেনে সবুজ বাজি পোড়ানো যাবে। হাসপাতাল, নার্সিংহোম ও স্কুলের ১০০ মিটারের মধ্যে বাজি ফাটানো নিষিদ্ধ। কিন্তু বাস্তবে কোথায় সেই নিয়মের প্রয়োগ? পাড়ায় পাড়ায় চকলেট বোম, কালীপটকা, বাক্স বোমের শব্দে কেঁপেছে এলাকা। হাসপাতালের আশপাশেও থামেনি শব্দের দাপট। তাহলে নিষেধাজ্ঞা জারি করেই কি দায়িত্ব শেষ প্রশাসনের?

পুলিশের তরফে জানানো হয়েছে, কালীপুজোর আগে চম্পাহাটি ও নুঙ্গি থেকে প্রায় ৩,৫০০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার হয়েছে। ১২টি মামলা দায়ের এবং ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, বিধাননগর কমিশনারেট প্রায় ১,০০০ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করে ২১ জনকে গ্রেপ্তার করেছে। এই অভিযান অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু এত বাজি উদ্ধার, এত গ্রেপ্তারির পরেও নিষিদ্ধ শব্দবাজি কীভাবে পৌঁছে গেল পাড়ায় পাড়ায়? কোথায় নজরদারির ফাঁক? বাজি তৈরির কারখানা, মজুতদার এবং সরবরাহকারীদের বিরুদ্ধে ধারাবাহিক ব্যবস্থা কোথায়?

মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর বারবার সতর্কবার্তা, প্রশাসনের প্রচার এবং পুলিশের অভিযানের পরেও যদি শব্দদূষণ নিয়ন্ত্রণে না আসে, তাহলে সেই ব্যর্থতার দায় কে নেবে? শুধু বাজি বাজেয়াপ্ত করে ছবি তোলা আর কয়েকজনকে গ্রেপ্তার করলেই কি পরিবেশ রক্ষা সম্ভব?

সবুজ মঞ্চের উদ্যোগে কালীপুজোর রাতে বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছিল। অভিযোগ জানানোর জন্য দেওয়া হয়েছিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের হেল্পলাইনও। কিন্তু প্রশ্ন, অভিযোগের ভিত্তিতে কত দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে? কতগুলি এলাকায় নিষিদ্ধ বাজি ফাটানো বন্ধ করা গিয়েছে?

উৎসব অবশ্যই হবে, আলোও জ্বলবে। কিন্তু সেই উৎসবের নামে সাধারণ মানুষের স্বাস্থ্য, শিশুদের নিরাপত্তা এবং পরিবেশকে বলি দেওয়ার অধিকার কারও নেই। কালীপুজোর আলোয় শব্দদূষণের এই অন্ধকার ফের একবার প্রশাসনের নজরদারি ও দায়বদ্ধতাকে কাঠগড়ায় দাঁড় করাল। নিয়ম ছিল, নির্দেশ ছিল, অভিযানও ছিল—ছিল না শুধু কার্যকর নিয়ন্ত্রণ। তাহলে শব্দবাজির এই তাণ্ডবের দায় নেবে কে?

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন