শনিবার, নভেম্বর 7, 2026
21:22:45 | কলকাতা
সর্বশেষ সংবাদ

আসন ভাগাভাগি নিয়ে বিজেপিকে আল্টিমেটাম চিরাগের!উত্তরপ্রদেশে একলা চলার পথে চিরাগ পাসওয়ান?

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন ঘিরে বিজেপির উপর চাপ বাড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। সন্তোষজনক আসন সমঝোতা না হলে ৪০৩টি বিধানসভা আসনেই এককভাবে লড়ার হুঁশিয়ারি লোক জনশক্তি পার্টি-র।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে ভারতীয় জনতা পার্টি-র ওপর রাজনৈতিক চাপ বাড়ালেন এনডিএ-র অন্যতম প্রধান শরিক তথা লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-র প্রধান ও কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান। তিনি স্পষ্ট জানিয়েছেন, আসন্ন নির্বাচনে বিজেপির সঙ্গে সন্তোষজনক আসন রফা না হলে তাঁর দল রাজ্যটির ৪০৩টি বিধানসভা কেন্দ্রেই এককভাবে প্রার্থী দেবে।

বিহার ও কেন্দ্রে ক্ষমতাসীন এনডিএ জোটের গুরুত্বপূর্ণ অংশ হওয়া সত্ত্বেও চিরাগ পাসওয়ানের এই অবস্থান জোট রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বিহার এবং কেন্দ্রীয় সরকারে তাঁরা বিজেপির সঙ্গে জোটে রয়েছেন। তবে অন্যান্য রাজ্যের দৃষ্টান্ত টেনে তিনি স্মরণ করিয়ে দেন যে, নাগাল্যান্ডে তাঁরা নিজস্ব শক্তিতে লড়াই করে সফল হয়েছিলেন। উত্তরপ্রদেশেও যদি শরিকদের মধ্যে সম্মানজনক আসন সমঝোতা না পৌঁছায়, তবে তাঁর দল একা লড়ার জন্য প্রস্তুতি সম্পন্ন রাখছে।

দলিত ভোটব্যাঙ্কে চিরাগ পাসওয়ানের প্রভাব এবং যুবসমাজে তাঁর গ্রহণযোগ্যতার কারণে উত্তরপ্রদেশে একা প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্ত বিজেপি শিবিরের জন্য মাথাব্যথার কারণ হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে কেন্দ্রীয় মন্ত্রীর এই প্রকাশ্য আল্টিমেটাম বা চাপের কৌশলের বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন