রায়গঞ্জে ১২ বছরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত দিলীপ রায় পুলিশের এনকাউন্টারে নিহত। বিহার সীমান্ত দিয়ে পালানোর সময় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় তার। ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তদন্ত করছে পুলিশ।
তপন রায়,মানুষের মতামত:রায়গঞ্জে ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত দিলীপ রায় পুলিশের গুলিতে নিহত। পুলিশ সূত্রে খবর, রবিবার ভোরে বিহার সীমান্ত দিয়ে পালানোর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। পাল্টা গুলিতে মৃত্যু হয় অভিযুক্তের। পুলিশের দাবি, এটি রাজ্যের চতুর্থ এনকাউন্টার।
গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা। বৃহস্পতিবার কুলিকের জঙ্গল থেকে তার বিবস্ত্র দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তে ধর্ষণের প্রমাণ মেলে। দেহে একাধিক আঘাত ও হাড় ভাঙার চিহ্নও পাওয়া যায়।
পুলিশের দাবি, রবিবার ভোর ৩টে নাগাদ গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হয়। পালানোর সময় সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ।তবে এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। গণধর্ষণের অভিযোগের ভিত্তিতে তদন্তও চলছে।
