বসিরহাট জেলা হাসপাতালে পাঁচ মাসের শিশু রাইসা পারভিনের মৃত্যু। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তির ৪০-৪৫ মিনিটের মধ্যে মৃত্যু হয় শিশুটির। চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের। ঘটনায় হাসপাতালে উত্তেজনা।
হাসানুজ্জামান,মানুষের মতামত:বসিরহাট জেলা হাসপাতালে পাঁচ মাসের এক শিশুকন্যার মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। মৃত শিশুর নাম রাইসা পারভিন। তার বাড়ি হাসনাবাদ থানার রামেশ্বরপুরের খুরুল গ্রামে। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে শিশুটির।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর ৩টা ৫০ মিনিট নাগাদ জ্বর ও প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে রাইসাকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, শিশুটির শ্বাসকষ্টের কথা বারবার কর্তব্যরত নার্সদের জানানো হলেও দীর্ঘক্ষণ চিকিৎসক আসেননি। হাসপাতালে ভর্তির প্রায় ৪০-৪৫ মিনিটের মধ্যেই শিশুটির মৃত্যু হয়। পরিবারের দাবি, শিশুর মৃত্যুর পর চিকিৎসক হাসপাতালে আসেন।
এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন। হাসপাতালের ভিতরে সাময়িক উত্তেজনা তৈরি হয়। বেশ কিছু টেবিল, নথিপত্র ও ওষুধপত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ।পরিবারের দাবি, অভিযুক্ত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এই ঘটনায় স্বাস্থ্য দপ্তরের কাছেও লিখিত অভিযোগ জানানোর কথা জানিয়েছে পরিবার।
