মঙ্গলবার, নভেম্বর 10, 2026
21:24:37 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ফ্রান্সে জীবনযাত্রার খরচে নাজেহাল সাধারণ মানুষ!রাস্তায় ৬ লক্ষেরও বেশি,বিক্ষোভে উত্তাল দেশ

ফ্রান্সে জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ। প্রায় ৬ লক্ষ মানুষ রাস্তায় নেমে বেতন বৃদ্ধি, ন্যূনতম মজুরি ও উন্নত পরিষেবার দাবি জানিয়েছেন।

রিয়া গিরি,মানুষের মতামত:নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, অথচ সেই তুলনায় বাড়ছে না মানুষের আয়। জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচের প্রতিবাদে এবার রাস্তায় নামলেন ফ্রান্সের কয়েক লক্ষ মানুষ। গত ৫ নভেম্বর বৃহস্পতিবার দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ ও ধর্মঘটে অংশ নেন শ্রমিক, ছাত্রছাত্রী, শিক্ষক, কৃষক এবং অবসরপ্রাপ্ত মানুষ।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাথমিক হিসাব অনুযায়ী, দেশজুড়ে প্রায় ৬ লক্ষ মানুষ এই বিক্ষোভে অংশ নেন। পরে মন্ত্রকের সংশোধিত হিসাবে সংখ্যাটি দাঁড়ায় ৫ লক্ষ ৭৫ হাজার। তবে বিক্ষোভের আয়োজক শ্রমিক সংগঠন CGT-র দাবি, আন্দোলনে অংশ নিয়েছেন প্রায় ১৬ লক্ষ মানুষ।বিক্ষোভকারীদের প্রধান দাবি, ন্যূনতম মজুরি বাড়াতে হবে, কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে এবং পেনশন ব্যবস্থায় উন্নতি আনতে হবে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবায় আরও সরকারি অর্থ বরাদ্দের দাবিও উঠেছে। তাঁদের বক্তব্য, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষের পক্ষে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।

প্যারিস, লিয়ঁ, মার্সেই-সহ একাধিক শহরে মিছিল বের হয়। বেশিরভাগ জায়গায় বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও কয়েকটি শহরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, ঘটনায় অন্তত ৪৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৫৩ জন পুলিশকর্মী আহত হয়েছেন।এই আন্দোলন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর সরকারের উপর নতুন করে চাপ বাড়িয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ কমানো এবং বেতন বৃদ্ধির দাবি এখন ফ্রান্সের রাজনীতিতে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন